ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে ইতিমধ্যে নানা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ার ওপর। এতে অর্থনৈতিক সংকটে পড়েছে তারা। এখন দেশটিকে বেকায়দায় ফেলতে অর্থনৈতিকভাবে আরও চাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে গত শুক্রবার রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক স্থগিত করার জন্য মিত্রদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। আর এই ঘোষণার পরপরই রাশিয়া থেকে হিরে, সামুদ্রিক খাবার ও ভদকা আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসি ও সিএনএনের।
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার বিচারে কিছু দেশকে সবচেয়ে পছন্দের দেশ হিসেবে মর্যাদা দেওয়া হয়। ব্যবসায়িক সুবিধার বিবেচনায় এই মর্যাদা পাওয়া দেশগুলোর সঙ্গে একে অপরে কিংবা অন্যরা স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক সুবিধা চালু রাখতে চায়। কোনো দেশের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক রাখার অর্থ হলো, দেশ দুটি সর্বোত্তম সম্ভাব্য শর্তে বাণিজ্য করতে পারবে। এর মধ্যে থাকবে নিম্ন শুল্ক ও অগ্রাধিকার ভিত্তিতে আমদানির মতো সুযোগ।
সিএনএন জানিয়েছে, স্বাভাবিক বাণিজ্য সম্পর্কের এই মর্যাদা স্থগিত করলে রাশিয়া অর্থনৈতিকভাবে আরও বিপর্যস্ত হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এ জন্য ধনী দেশগুলোর জোট গ্রুপ সেভেন (জি-৭) ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) এই সম্পর্ক স্থগিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গ্রুপ অব সেভেনের দেশগুলোর মধ্যে আছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। আর এর মধ্যে কয়েকটি দেশসহ মোট ২৮টি দেশ আছে ইউরোপীয় ইউনিয়নে। ফলে এসব দেশের সঙ্গে বাণিজ্যের স্বাভাবিক সুবিধা হারালে আমদানি ও রপ্তানি আরও ক্ষতিগ্রস্ত হবে।
উত্তর আমেরিকার দেশ কানাডা ইতিমধ্যেই রাশিয়ার জন্য এই সুবিধা স্থগিত করেছে। গত সপ্তাহ থেকে দেশটি রাশিয়া ও তার অনুগত মিত্রদেশ বেলারুশ থেকে আসা সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। আর কংগ্রেসের অনুমোদন পেলেই এই পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাইডেনের আহ্বানের পর অন্য দেশগুলোও ক্রমে কানাডার পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে গ্রুপ সেভেন বলেছে, রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে না। একই সঙ্গে অন্যায় করে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার অংশ হয়ে লাভবান হওয়ার আশাও করতে পারে না।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে চলতি বছরেই রাশিয়া প্রায় ১০০ কোটি ডলার রাজস্ব হারাবে।
এদিকে ব্যাংক ও অভিজাত ব্যবসায়ী গোষ্ঠীর ওপর পশ্চিমা জোটের এসব নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, রাশিয়ায় যেসব বিদেশি কোম্পানি ব্যবসা স্থগিত করেছে, সম্পর্ক স্বাভাবিক না করলে তাদের উৎপাদনকেন্দ্র ও অন্যান্য সম্পদ জাতীয়করণ হতে পারে।
অর্থনীতিবিদেরা বলছেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়াকে তীব্র অর্থনৈতিক মন্দার মধ্যে ফেলে দেবে। তবে এই অর্থনৈতিক বিশৃঙ্খলা পুতিনকে তাঁর সামরিক পদক্ষেপ থেকে ফেরাতে পারবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।