সিনেট কমিটির শুনানিতে মায়া সান্তোস দেগুইতো
রিজাল ব্যাংকের প্রেসিডেন্টই মায়াকে চাকরিতে এনেছিলেন

ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ চুরির ঘটনায় তোপের মুখে রয়েছেন ফিলিপাইনের ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো। তাঁর বিরুদ্ধে চলছে তদন্ত। সিনেট শুনানিতে তিনি গতকাল বৃহস্পতিবার বলেছেন, তাঁকে ওই ব্যাংকে যোগ দেওয়ার জন্য ব্যাংকটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেঞ্জো তানই ২০১৩ সালে ‘আমন্ত্রণ’ জানিয়েছিলেন।
অন্য ব্যাংকের হিসাব থেকে ইলেকট্রনিক উপায়ে চুরি যাওয়া বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার অবৈধভাবে স্থানান্তরের অভিযোগ রয়েছে দেগুইতোর বিরুদ্ধে। তিনি বলেন, তাঁর সঙ্গে তানের পরিচয় হয়েছিল কিম ওয়ংয়ের আয়োজনে একটি পার্টিতে।
অর্থ চুরির ওই ঘটনায় ফিলিপাইনের যে ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত চলছে, তাঁদেরই একজন ওয়ং। অতীতের কয়েকটি কেলেঙ্কারিতেও বিতর্কিত এই ব্যক্তির নাম রয়েছে।
অর্থ চুরির এ মামলায় সিনেটের শুনানিতে দেগুইতো বলেন, ‘আরসিবিসিতে যোগদানের জন্য লরেঞ্জো তান এক সাধারণ আলাপচারিতার সময় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।’
সিনেট কমিটির সঙ্গে দেগুইতোর রুদ্ধদ্বার আলোচনার পরপরই তিনি গতকাল বৃহস্পতিবার শুনানিতে ওই সাক্ষ্য দেন। তিনি স্বীকার করেন, তানের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল দুই ব্যক্তির মাধ্যমে। তাঁরা হলেন বিলাসবহুল মোটরগাড়ির ব্যবসায়ী উইলিয়াম সো গো এবং ওয়ং।
তান স্বীকার করেন, গো তাঁর একজন ‘বন্ধু’। আর ওয়ংয়ের সঙ্গে একটি রেস্তোরাঁয় ২০০২ সালে তাঁর (তান) দেখা হয়েছিল।
এস্ত্রাদার শাসনামলে সামরিক গোয়েন্দারা ওয়ংকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করেছিল। অন্যদিকে, ব্যাংক কর্মকর্তাদের মতে, গো হচ্ছেন আরসিবিসির একজন ‘গুরুত্বপূর্ণ’ গ্রাহক।
আরসিবিসির কোষাধ্যক্ষ রাউল তান গতকাল স্বীকার করেন, দেগুইতোকে বোনিফাসিও গ্লোবাল সিটি শাখার পরিবর্তে জুপিটার শাখার ব্যবস্থাপক পদে নিয়োগ করতে গো-ই সুপারিশ করেছিলেন।
বিশেষ ব্যক্তি?: দেগুইতো বলেন, তিনি ২০১৩ সালের আগস্টে ইস্ট ওয়েস্ট ব্যাংক থেকে পদত্যাগ করেন। তার কিছুদিন পরই তানের মাধ্যমে আরসিবিসিতে নিয়োগ পান। ২০১৪ সালের শেষ দিকে গোর জন্মদিনের অনুষ্ঠানে তান এবং ওয়ংয়ের সঙ্গে তাঁর দেখা হয়।
দেগুইতোকে নিয়োগের কথা অস্বীকার করে তান বলেন, ‘একজন শাখা ব্যবস্থাপকের অবস্থান আমার চেয়ে পাঁচ স্তর নিচে।’
গোর পার্টিতে দেগুইতোর সঙ্গে দেখা হওয়ার কথাও অস্বীকার করেন আরসিবিসির সিইও। সিনেটে তিনি বলেন, ‘ওই পার্টির কথা আমার মনে নেই। আমার মনে হয় না এমন কোনো পার্টি হয়েছিল। মি. ওয়ংয়ের সঙ্গে তাঁর রেস্তোরাঁয় দুবার আমার দেখা হয়েছিল।’
তান আরও বলেন, ‘দেগুইতো নিজের সম্পর্কে এমনভাবে বলছেন, যেন তিনি খুব গুরুত্বপূর্ণ কেউ একজন, যাঁকে আমিই নিয়ে এসেছিলাম। কিন্তু এমনটা হয়নি।’
দেগুইতোর বিরুদ্ধে বিচার বিভাগ অর্থ চুরির অভিযোগ আনছে। কারণ, তিনি নিজের ব্যবস্থাপনাধীন আরসিবিসি-জুপিটার শাখায় ভুয়া একাধিক ব্যাংক হিসাবে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার স্থানান্তরের সুযোগ দিয়েছিলেন। ওই অর্থ পরে কয়েকটি ক্যাসিনোতে চলে যায়, যেগুলো কোনো অর্থ চুরি আইনের আওতাভুক্ত নয়।
কেন্দ্রীয় ব্যাংকের ওই অর্থ স্থানান্তর বন্ধ রাখতে একটি নির্দেশনা দিলেও দেগুইতো সেটা উপেক্ষা করেছিলেন বলে তাঁর একজন সহকর্মী (ডেপুটি) সাক্ষ্য দিয়েছেন। তাঁর নাম রোমুয়ালদো আগারাদো।
খুন হওয়ার বদলে ওই অর্থ স্থানান্তর করব: কয়েকটি ব্যক্তিগত ব্যাংক হিসাবে লাখ লাখ ডলার স্থানান্তর বন্ধ রাখতে নিজ ব্যাংক থেকেও নির্দেশনা পেয়েছিলেন দেগুইতো। কিন্তু তিনি সেগুলো উপেক্ষা করে সহকর্মীদের বলেছিলেন, খুন হওয়ার পরিবর্তে তিনি ওই অর্থ ছেড়ে দেবেন।
অর্থ চুরির ঘটনাটি তদন্তকারী সিনেট কমিটির সামনে গতকাল সাক্ষ্য দেন আরসিবিসির ওই শাখার গ্রাহকসেবা বিভাগের প্রধান রোমুয়ালদো আগারাদো। তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি ব্যাংকটির জুপিটার-মাকাতি শাখায় প্রধান কার্যালয় থেকে একটি নির্দেশনা আসে, ওই শাখার কয়েকটি হিসাবে জমা হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার স্থানান্তরের নির্দেশনা প্রত্যাহারের জন্য।
আগারাদো আরও বলেন, ‘শাখা ব্যবস্থাপক দেগুইতো প্রধান শাখার ওই নির্দেশনার ব্যাপারে জানতেন। আমি ওই দিন সকালে একটি ই-মেইলে নির্দেশনাটি পেয়ে তাঁকে জানাই। তখন তিনি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকান।’
পরে সেদিনই আগারাদো এবং আরেকজন ব্যাংক কর্মকর্তাকে নিজের কার্যালয়ে ডাকেন দেগুইতো। ওই অর্থ স্থানান্তর বন্ধ রাখার নির্দেশনা উপেক্ষা করার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘সপরিবারে নিহত হওয়ার চেয়ে আমি ওই অর্থ ছাড় করে দেওয়ার পথই বেছে নেব।’
দেগুইতো অন্তত ৪ কোটি ৪০ লাখ ডলার ব্যবসায়ী উইলিয়াম সো গোর ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করেন।
দেগুইতোও সিনেটের ওই শুনানিতে হাজির থেকে আগারাদোর অভিযোগগুলো জোরালোভাবে অস্বীকার করেন।
আরসিবিসির প্রধান আইনি পরামর্শক মারিয়া সেসিলিয়া এস্তাভিলো বলেন, জুপিটার শাখায় উইলিয়াম সো গোর যেসব স্বাক্ষর রয়েছে, সেগুলো জাল।