রুশ কালাশনিকভ নতুন অবয়বে
রাশিয়ার বৃহত্তম আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী ও বিশ্ববিখ্যাত কালাশনিকভ রাইফেলের (একে) প্রচলনকারী প্রতিষ্ঠান কালাশনিকভ কনসার্ন গত ২ ডিসেম্বর মস্কোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের রি-ব্র্যান্ডিংয়ের ঘোষণা দিয়েছে।
রুশ রাষ্ট্রীয় করপোরেশন রসটেকের অঙ্গপ্রতিষ্ঠান কালাশনিকভ কনসার্ন মনে করে, এর ফলে কালাশনিকভ কমব্যাট, বৈকাল হান্টিং ও ইঝমাস স্পোর্টিং ব্রান্ডগুলো আরও উজ্জীবিত হবে।
কালাশনিকভ কনসার্নের প্রধান নির্বাহী এ ইউ ক্রিভোরুচকা বলেন, ‘কালাশনিকভ রাশিয়া ও বিদেশে তার পণ্যগুলোর অবস্থান সুদৃঢ় করতে রি-ব্র্যান্ডিং সুবিধা কাজে লাগাবে।’
অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালের মধ্যে প্রতিষ্ঠানের উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় রাজস্ব আয়ও চার গুণ বৃদ্ধির আশা করা হচ্ছে।
প্রায় ১০ কোটি মার্কিন ডলারের বাজেট রাখা হয়েছে পুরো পরিকল্পনাটি বাস্তবায়নে, যেখানে উৎপাদন দ্বিগুণ করা ছাড়াও আরও অধিক দেশে সামরিক সম্ভার বিক্রির কথা বলা হয়েছে।
রাশিয়ার মোট ক্ষুদ্র অস্ত্র উৎপাদনের ৯৫ শতাংশ করে থাকে কালাশনিকভ কনসার্ন। উৎপাদিত অস্ত্রের ৮০ শতাংশই রপ্তানি হয় বিভিন্ন দেশে। কোম্পানিটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আফ্রিকায় বাজার উন্নয়নে উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি।