রুশ কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনায় বহু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার (২০০ কোটি রুশ রুবল, যা বাংলাদেশি মুদ্রায় ২৪৮ কোটি টাকা) সাইবার হামলার ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে ব্যাংক অব রাশিয়া জানায়, সাইবার অপরাধীরা কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৫০০ কোটি রুবল চুরি করে নেওয়ার চেষ্টা করেছিল। এর মধ্যে কিছু অর্থ আটকানো গেছে। হ্যাকাররা একজন গ্রাহকের কাগজপত্র জাল করে চুরির ঘটনাটি ঘটায়।
রুশ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আর্তোম সাইচিয়োভ এক সংবাদ সম্মেলনে বলেন, ফেডারেল সিকিউরিটি সিস্টেম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে আর কোনো বিস্তারিত বক্তব্য দেননি তিনি।
এর আগে গত জুনে ফেডারেল সিকিউরিটি সিস্টেমের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৫০ জনের একটি সংঘবদ্ধ দল রাশিয়ার একটি ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে।
সারা দুনিয়ায় ব্যাংক খাতে বড় বড় অঙ্কের অর্থ চুরির ঘটনা সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক আর্থিক খাতের নিয়ন্ত্রকেরা সম্প্রতি ব্যাংকগুলোকে সাইবার নিরাপত্তা জোরদার করার তাগিদ দিয়েছে। গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হওয়ার ঘটনা প্রকাশিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের একটি হিসাব থেকে বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ চুরি করে অজ্ঞাতনামা হ্যাকাররা।
সাইবার অপরাধীরা আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক সুইফটে (সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) ভুয়া অনুরোধ পাঠিয়ে বিভিন্ন ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়। এ প্রবণতা রোধে, অর্থাৎ সাইবার অপরাধীদের খুঁজে বের করতে এখন বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের দেড় কোটি ডলার ইতিমধ্যে নগদে ফেরত দিয়েছে ফিলিপাইন। বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার উদ্ধার বা ফেরত পাওয়া নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।