রুশ ধনীকে বেআইনি কাজে সহযোগিতার অভিযোগ পিডব্লিউসির বিরুদ্ধে
প্রায় দুই দশক আগে রাশিয়ার শীর্ষ ধনী ও ইস্পাতশিল্পে ধনকুবের আলেক্সি মোর্দাশভকে ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনীদের তালিকায় নতুন অন্তর্ভুক্তি হিসেবে উল্লেখ করে। তখন তাঁর বয়স ছিল ৩৭। কিছুটা পরিচিতও পেয়েছিলেন তিনি তখন। ফোর্বস ম্যাগাজিনে তখন তাঁকে আত্মপ্রতিষ্ঠিত ধনী হিসেবে উল্লেখ করা হয়।
ফোর্বসের ২০২১ সালের তথ্যমতে, বর্তমানে রাশিয়ার শীর্ষ পাঁচ ধনীদের মধ্যে আলেক্সি মোর্দাশভ একজন। তাঁর সম্পদের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি ডলার। সেকাল থেকে একাল—দীর্ঘ দুই দশক ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাকাউন্টিং ফার্ম পিডব্লিউসি মোর্দাশভকে সহায়তা করে আসছিল বলে সম্প্রতি ফাঁস হওয়া এক নথির তথ্যে জানা গেছে।
২০০০-এর দশকের শুরুর দিকে মোর্দাশভ যখন প্রথম বিলিয়ন ডলারের মালিক হন, তখন থেকেই পিডব্লিউসি ইস্পাত খাতের এই পুঁজিপতির পক্ষ হয়ে কাজ করছে।
মোর্দাশভ ৩১ বছর বয়সে সেভারস্টালের প্রধান নির্বাহী হন। তাঁর অদম্য চালচলনের কারণে কিছু মানুষ তাঁকে ‘দ্য ট্যাংক’ নামে ডাকত। ২০০৩ সালে তরুণ এই ধনী সাইপ্রাসে একটি হোল্ডিং কোম্পানির নিবন্ধন করিয়েছিলেন, পরবর্তী সময়ে যার নাম হয় ইউনিফার্ম।
পিডব্লিউসির সাইপ্রাস কার্যালয়ের উপদেষ্টারা ইউনিফার্মের শেল কোম্পানি খুলতে ও তা চালু রাখতে সহায়তা করার জন্য ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংস্থা ট্রাইডেন্ট ট্রাস্টের সঙ্গে এর সমন্বয় করেন।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) তথ্যানুসারে, পিডব্লিউসি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও অন্যান্য গোপনীয় অধিক্ষেত্রগুলোতে ৬৫টিরও বেশি শেল কোম্পানি স্থাপন ও পরিচালনা করতে মোর্দাশভের সঙ্গে যুক্ত একটি হোল্ডিং কোম্পানিকে সহায়তা করেছিল।
আইসিআইজে প্রকাশিত প্যান্ডোরা পেপারসে ও ফাঁস হওয়া অন্যান্য নথি বিশ্লেষণে দেখা যায়, মোর্দাশভ ইউরোপীয় কোম্পানিতে বিনিয়োগ করতে এবং রাশিয়ার ভেতরে ইস্পাত ইন্ডাস্ট্রির প্রসার ও কয়লা খাতে বড় অংশীদার নিতে দূরবর্তী কোম্পানিগুলোর (অফশোর) এই ওয়েব ব্যবহার করতেন।
ফাঁস হওয়া এই নথিগুলোতে আরও দেখা যায়, বিশ্বব্যাপী এই অফশোর কোম্পানিগুলো অস্পষ্ট ও সন্দেহজনক পদ্ধতিতে মোটা অঙ্কের অর্থ লেনদেন করেছে। এর মধ্যে চারটি লেনদেনের সঙ্গেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীরা জড়িত। ফলে মোর্দাশভ পুতিনের সঙ্গে কোনো গভীর সম্পর্ক নেই বলে যে দাবি করেছিলেন, তা এখন প্রশ্নবিদ্ধ।
আইসিআইজে প্রাপ্ত প্যান্ডোরা পেপারসে ফাঁস হওয়া ১১ দশমিক ৯ মিলিয়ন গোপনীয় আর্থিক রেকর্ড বিশ্লেষণ থেকে দেখা যায়, কীভাবে পিডব্লিউসির সাইপ্রাস ইউনিট মোর্দাশভের অফশোর অবকাঠামো নির্মাণে সাহায্য করেছিল।
ফার্মটির উপদেষ্টারা মোর্দাশভ ও তার স্ত্রী মারিনা মোদার্শভকে ২১৩ ফুটের একটি প্রমোদতরি ও একটি ব্যয়বহুল বোম্বার্ডিয়ার জেট নিবন্ধন করাতে সহায়তা করেছিল। এমনকি ২০১৪ সালে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও পিডব্লিউসি মোর্দাশভ দম্পতিকে তাদের শেল কোম্পানির মালিকানা পুনর্গঠনে সাহায্য করে। বেশির ভাগ কোম্পানি মোর্দাশভের সাইপ্রাসভিত্তিক কোম্পানি ইউনিফার্মের সঙ্গে যুক্ত।
মোর্দাশভ রাশিয়ার উদীয়মান ধনকুবেরদের একজন। তিনি সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। যুদ্ধের কারণে রাশিয়ার অন্যান্য পুঁজিপতির মতো মোর্দাশভেরও সম্পদের পরিমাণ কমেছে। ৫ এপ্রিল ফোর্বস প্রকাশিত ধনীদের সর্বশেষ বার্ষিক তালিকা অনুযায়ী, মোর্দাশভের সম্পদের পরিমাণ গত বছর থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার থেকে কমে ১ হাজার ৩০০ কোটি ডলারে নেমেছে। ফলে মোর্দাশভ রাশিয়ার শীর্ষ ধনীর তালিকায় পাঁচ নম্বের নেমে আসেন।
জানা গেছে, সেভারস্টাল মোর্দাশভের প্রধান কোম্পানিগুলোর মধ্যে একটি। রাশিয়ার অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী এই প্রতিষ্ঠান দেশটির সামরিক যান ও সাবমেরিনের জন্য ইস্পাত তৈরি করে। তবে তা সত্ত্বেও মোর্দাশভ পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বারবার অস্বীকার করেছেন।
২০১৮ সালে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোর্দাশভ বলেন, তিনি একজন ব্যক্তিগত উদ্যোক্তা। সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। তবে তিনি আইসিআইজের এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, প্রাইসওয়াটারহাউসকুপারস বা পিডব্লিউসি বিশ্বের অভিজাত হিসাবরক্ষণ কোম্পানিগুলোর মধ্যে একটি।
সোভিয়েত–পরবর্তী রাশিয়া অনেক দিন ধরেই পিডব্লিউসির কাছে জনপ্রিয় বাজার। ফার্মটির তথ্যানুসারে, সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের বছরগুলোতে দুই হাজারের বেশি রুশ কোম্পানির সঙ্গে কাজ করেছে পিডব্লিউসির রুশ ইউনিট। এর মধ্যে ১২৪টি বড় কোম্পানি, যাদের মোট আয় রাশিয়ার জিডিপির প্রায় অর্ধেক।
প্যান্ডোরা পেপারসে ফাঁস হওয়া তথ্যানুসারে, রাশিয়ার বাইরে ফার্মটির সহযোগীরা রাশিয়ার ভেতরে পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের সম্পদ পরিচালনা ও রক্ষা করতে সাহায্য করেছে।
ফাঁস হওয়া নথিগুলোর তথ্যমতে, লন্ডনভিত্তিক একটি তেল কোম্পানিতে পুতিনের সাবেক সহযোগী কিরিল অ্যাড্রোসভ বিনিয়োগ করেছিলেন, পিডব্লিউসির সিঙ্গাপুর ইউনিট পুতিনের সেই সহযোগীর বিনিয়োগ তহবিলের নিরীক্ষক ছিল।
পিডব্লিউসির বিরুদ্ধে যত অভিযোগ
পিডব্লিউসির বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। ২০২০ সালে আইসিআইজের অনুসন্ধানে জানা যায়, ফার্মটি কীভাবে অ্যাঙ্গোলার সাবেক রাষ্ট্রপতির মেয়ে ইসাবেলা ডস সান্তোসকে সাহায্য করেছিল।
জানা যায়, বেলজিয়াম, পিডব্লিউসির সাইপ্রাস ইউনিট স্পেন, গ্রিস ও যুক্তরাষ্ট্রে আর্থিক অপরাধে অভিযুক্ত পুতিনের মিত্র ওলেগ ডেরিপাস্কা ও তাঁর দুই সন্তানকে রিয়েল এস্টেট খাতে ৩০ লাখ ডলার বিনিয়োগ করে সাইপ্রাসের পাসপোর্ট ও ইউরোপীয় ইউনিয়নে নাগরিকত্বের জন্য ভূমধ্যসাগরীয় গোল্ডেন ভিসা পদ্ধতি ব্যবহার করতে সহায়তা করেছিল।
তবে ডেরিপাস্কে তা অস্বীকার করেছেন এবং তার আইনজীবী আইসিআইজের প্রশ্নের জবাব দেননি।
২০২১ সালের তথ্যমতে, বিগত দশকে প্রাইসওয়াটারহাউসকুপার্স ২১৭ জন ধনী ব্যক্তিকে গোল্ডেন ভিসা স্কিমের মাধ্যমে ইউরোপের নাগরিকত্ব লাভে সাহায্য করেছে। কিন্তু রাজনৈতিক নেতাদের সাথে ফার্মটির সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।