রোলেক্স ঘড়ি কিনে 'কালোরুপি' রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে আয়োজিত এক স্ট্রিট আর্ট এক্সিবিশন বা রাজপথে চিত্রকর্ম প্রদর্শনীর অংশ হিসেবে গতকাল পুরোনো ৫০০ ও ১০০০ রুপির দুটি নোটের রেপ্লিকা বা প্রতিলিপি নিয়ে ছবির জন্য পোজ দেন এক ব্যক্তি l এএফপি
ভারতের মুম্বাইয়ে আয়োজিত এক স্ট্রিট আর্ট এক্সিবিশন বা রাজপথে চিত্রকর্ম প্রদর্শনীর অংশ হিসেবে গতকাল পুরোনো ৫০০ ও ১০০০ রুপির দুটি নোটের রেপ্লিকা বা প্রতিলিপি নিয়ে ছবির জন্য পোজ দেন এক ব্যক্তি l এএফপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট ‘ক্র্যাকডাউনের’ মধ্যে ‘কালোরুপি’ রক্ষার উপায় ঠিকই বের করে ফেলেছেন দেশটির কর ফাঁকিবাজ ও অবৈধ অর্থের মালিকেরা। কেউ ব্যাংক থেকে নোট পাল্টাতে মজুর ভাড়া করেছেন। কেউ আবার ছুটছেন রোলেক্স ঘড়ির মতো দামি সামগ্রী কিনতে।

৮ নভেম্বর মোদি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করার পর দিল্লিতে একটি বিদেশি অভিজাত ব্র্যান্ডের দোকান সারা রাত খোলা ছিল। ওই রাতে তারা মাত্র তিন ঘণ্টায় দেড় লাখ ডলারের পণ্য বিক্রি করেছে।

কালোরুপি রক্ষায় ভারতের ধনীরা কী কী কৌশল ব্যবহার করছেন, তা নিয়ে গতকাল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এতে পাঁচটি কৌশল তুলে ধরা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ২০১২-১৩ অর্থবছরে ৫০ কোটি রুপির বেশি আয় দেখিয়ে মাত্র ছয়জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যদিও একটি হিসাবে দেখা গেছে, দেশটিতে প্রায় ২ হাজার ১০০ জন ‘অতি ধনী’ রয়েছেন।

ভারতের বিভিন্ন পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে জানানো হয়, অনেক ব্যবসায়ী ও কারখানার মালিক নোট পাল্টাতে তাঁদের কর্মীদের ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। অনেকে ভাড়া করেছেন নিয়মিত কাজ পান না এমন শ্রমিকদের।

ভারত সরকার ব্যাংক থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নোট পাল্টে দেবে। শুরুতে একেক জনকে চার হাজার রুপি পর্যন্ত নোট পাল্টে দেওয়া হতো। এখন সেটা কমিয়ে দুই হাজার করা হয়েছে। একই ব্যক্তি যাতে বারবার নোট পাল্টে নিতে না পারেন, সে জন্য ভোটের সময়কার মতো আঙুলে কালি লাগিয়ে দিতেও নির্দেশ দিয়েছে সরকার।

কালোরুপি দিয়ে বিলাসবহুল সামগ্রী কেনার একটা হিড়িকও শুরু হয়েছে ধনীদের মধ্যে। ভারতের ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নোট বাতিলের ঘোষণার দিন ভারতে রোলেক্স, ডায়রের মতো অভিজাত ব্র্যান্ডগুলো ক্রেতাদের ই-মেইল করেছে এই বলে যে, তাদের দোকান মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে।

অনেকে কিনছেন সোনা। কিছু কিছু মরিয়া ক্রেতা সোনা কিনতে বাজার দরের চেয়ে দ্বিগুণ দাম দিচ্ছেন, অবশ্য তা পুরোনো নোটে। ৮ নভেম্বর যেসব সোনা ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন, পরিস্থিতি দেখে দ্রুতই তাঁরা ফিরে আবার দোকান খোলেন। কেনাবেচা চলে রাতভর। দিল্লি ও মুম্বাইতে সোনার দোকানে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল বলে স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে জানায় এএফপি।

বাংলাদেশের কৃষকদের ১০ টাকার ব্যাংক হিসাবের মতো ভারতের দরিদ্র মানুষের আছে ‘জন ধন’ ব্যাংক হিসাব। দরিদ্রদের এসব হিসাব ‘ভাড়া’ নিয়ে অর্থ জমার অভিযোগ উঠেছে ধনীদের বিরুদ্ধে।

আরেকটি কৌশল হলো ট্রেনের টিকিট বুকিং। নোট বাতিলের পর রেলওয়ে ঘোষণা দেয়, ১১ নভেম্বর পর্যন্ত পুরোনো নোটে টিকিট বুকিং দেওয়া যাবে। এতে হঠাৎ করেই টিকিট বুকিং ব্যাপক বেড়ে যায়। এসব টিকিট পরে বাতিল করে নতুন নোটে অর্থ ফেরত পাওয়ার সুযোগ আছে, অবশ্য এতে সামান্য কিছু জরিমানা দিতে হয়।

আর যা-ই হোক, কর রিটার্নে উল্লেখ না থাকা অর্থ নিয়ে ভারতবাসী নিজেরা ব্যাংকে যেতে রাজি নয়। সেখানে গিয়ে হিসাব দিতে না পারলে দ্বিগুণ জরিমানার ঘোষণা দিয়ে রেখেছে সরকার।

এদিকে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি গতকাল বলেছে, নোট-কাণ্ডে ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার এক শতাংশীয় পয়েন্ট কমতে পারে। দীর্ঘ মেয়াদে এর সুফল পাওয়া নির্ভর করবে পরবর্তী সংস্কারের ওপর।

ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক প্রতিবেদনে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের দুর্ভোগের কথা তুলে ধরে বলা হয়েছে, হয় তাঁরা কাজ পাচ্ছেন না, নয়তো তাঁদের মজুরি দেওয়া হচ্ছে পুরোনো নোটে।