লন্ডনে সোনার ভল্ট কিনল চীনা ব্যাংক আইসিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম সম্পদশালী ব্যাংক চীনের আইসিবিসি স্ট্যান্ডার্ড ব্যাংক লন্ডনে সোনার ভল্ট কিনতে সম্মত হয়েছে। বদৌলতে এটি চীনের প্রথম ব্যাংক হিসেবে লন্ডনে সোনার ভল্টের মালিক হতে চলেছে। মূল্যবান ধাতু-সম্পদে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যেই ব্যাংকটি এই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্যের বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস ব্যাংকের কাছ থেকে কেনা এই সোনার ভল্টে ২ হাজার মেট্রিক টন সোনা, রুপা, প্লাটিনাম, প্যালাডিয়াম প্রভৃতি মূল্যবান ধাতু রাখা যাবে। তবে এটি লন্ডনের কোন জায়গায় অবস্থিত, সেটি অবশ্য গোপন রাখা হয়েছে। খবর বিবিসির।
আগামী জুলাই মাসে এ নিয়ে বার্কলেস ব্যাংকের সঙ্গে আইসিবিসি স্ট্যান্ডার্ড ব্যাংক চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করবে বলে ধারণা করা হচ্ছে। ভল্ট কেনার এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন মূল্যবান ধাতু কেনাবেচা, মজুতকরণ ও মূল্য নির্ধারণে চীনা ব্যাংকটির প্রভাব বাড়বে।
সোনার মোট বৈশ্বিক চাহিদার এক-চতুর্থাংশই হলো চীনের। কিন্তু তা সত্ত্বেও সোনার একচ্ছত্র আন্তর্জাতিক বাজার হলো যুক্তরাজ্যের লন্ডন ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। গত বছরে শুধু লন্ডনেই সোনার যে কেনাবেচা হয়েছে, তার আর্থিক মূল্য ছিল প্রায় পাঁচ লাখ কোটি ডলার।