ব্যাংক অব ইংল্যান্ড ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের সময়ে যুক্তরাজ্যের বাণিজ্যিক ব্যাংকগুলোকে লাইবর বা আন্তব্যাংক সুদের হার কমাতে বারবার চাপ দিয়েছিল।
ব্যাংকগুলোকে কারসাজির মাধ্যমে লাইবর কমানোর জন্য যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকটি ক্রমাগত যে চাপ দিচ্ছিল, তার একটি গোপন রেকর্ড ফাঁস করেছে বিবিসি প্যানোরমা। তবে ব্যাংক অব ইংল্যান্ড বলেছে, কারসাজির মাধ্যমে লাইবর নিয়ন্ত্রণ করা হয়নি।
লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) হচ্ছে, লন্ডনের বাণিজ্যিক ব্যাংকগুলো পরস্পরকে গড়ে যে সুদে ধার দেয় বা নেয়। এটি বন্ধকিসহ অন্যান্য ঋণের সুদের হারে বড় ধরনের প্রভাব ফেলে।
বিবিসি টিভি প্যানোরমার ফাঁস করা ওই রেকর্ডে বার্কলেসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মার্ক ডিয়ারলাভের তাঁর এক অধস্তন কর্মকর্তা জনসনকে নির্দেশনা দেওয়ার কথা ধরা পড়ে। এতে ডিয়ারলাভ বলেন, ‘যুক্তরাজ্য সরকার ও ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে আমাদের ওপর লাইবর কমানোর ব্যাপারে মারাত্মক চাপ রয়েছে।’ বসের বক্তব্যে আপত্তি জানিয়ে জনসন বলেন, এর মানে তো নিয়ম লঙ্ঘন করা।
মার্ক ডিয়ারলাভ ও জনসনের কথোপকথন রেকর্ড হয় ২০০৮ সালের ২৯ অক্টোবর। একই দিনে রেকর্ড হয় ব্যাংক অব ইংল্যান্ডের নির্বাহী পরিচালক পল টাকার ও বার্কলেসের বস বব ডায়মন্ডের আলোচনাও।