লেনদেন হবে বছরে ৬৬০ কোটি রুপি
রাজস্থান প্রদেশের দৌসানি জেলার একটি ধাবায় (রাস্তার পাশে খাবারের রেস্তোরাঁ) কাজ করেন গণেশ সাইনি। বয়স ২২ বছর। বাড়ি জয়পুর শহরের পাশের একটি গ্রামে। মজুরি পান ছয় হাজার রুপির মতো। নিজের কোনো ব্যাংক হিসাব না থাকায় বাড়িতে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা নেই এই রেস্তোরাঁশ্রমিকের।
প্রতি দু-তিন মাস অন্তর প্রায় ১৫০ কিলোমিটার দূরে বাড়িতে যান গণেশ সাইনি। সে সময় মা-বাবাসহ স্বজনকে কিছু নগদ অর্থ দিয়ে আসেন।
ট্যাক্সিচালক মজিবুর রহমান দিল্লিতে সপরিবারে থাকেন। আদি বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায়। সেখানে তাঁর বড় ভাই-ভাবিসহ আত্মীয়স্বজন বাস করেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠান। এ অর্থ ভাই-ভাবির হাতে পৌঁছাতে দু-তিন দিন সময় লাগে। তিনি প্রথম আলোকে জানান, তাৎক্ষণিকভাবে অর্থ পাঠানো গেলে তাঁর আরও সুবিধা হতো।
ভারতের উত্তর প্রদেশের আগ্রার ফতেহপুর সিক্রি এলাকার রেস্তোরাঁর শ্রমিক ব্রজমোহন প্রতি মাসে মজুরি পান আট হাজার রুপি। থাকা-খাওয়াবাদ খরচ হয় ছয় হাজার রুপি। বাকি দুই হাজার রুপি উত্তর প্রদেশের আরেকটি জেলায় স্ত্রী-সন্তানের কাছে পাঠাতে হয়। আশপাশে কোনো ব্যাংক না থাকায় বাড়িতে অর্থ পাঠানোর জন্য তাঁকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আগ্রা শহরে যেতে হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে তিনি অর্থ পাঠান।
প্রথম আলোকে ব্রজমোহন জানান, প্রতি মাসেই এতটা দূর পাড়ি দিতে হয় শুধু অর্থ পাঠানোর জন্য। এ জন্য রেস্তোরাঁর মালিকের কাছ থেকে ছুটিও নিতে হয়।
এভাবেই ভারতের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ লেনদেনে প্রচলিত ব্যাংক-ব্যবস্থার ওপরই ভরসা করতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে অর্থ পাঠানোর কোনো ব্যবস্থা নেই। ভারতের রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থান প্রদেশের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র পাওয়া গেছে। ইতিমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা (মোবাইল পেমেন্ট ব্যাংকিং) প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রতিবেদকের কাছে এসব প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলেছেন, মোবাইল ব্যাংকিং চালু হলে তাঁদের অর্থ পাঠানোয় আর কোনো অসুবিধা হবে না। কেননা, তাঁদের প্রায় সবাই মোবাইল ফোন ব্যবহার করেন। আবার দূরে থাকা পরিবারের সদস্যরাও মোবাইল ফোন ব্যবহার করেন।
এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স, আইডিয়া ও টেলিনর ইন্ডিয়া—এ পাঁচটি মোবাইল অপারেটরকে মোবাইল পেমেন্ট ব্যাংক লাইসেন্স দিয়েছে। চলতি বছরেই এসব কোম্পানি মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া শুরু করবে। তখন মুঠোফোনের গ্রাহকেরা সহজেই তাৎক্ষণিকভাবে তাঁদের আত্মীয়স্বজনের কাছে অর্থ পাঠাতে পারবেন। আবার নিজেরাও মোবাইল ফোনে অর্থ জমাতে পারবেন। মোবাইল ফোনটি ব্যবহৃত হবে অনেকটা ব্যাংক হিসাবের মতো।
ভারতের গবেষণা প্রতিষ্ঠান টেকসাইয়ের এক গবেষণায় দেখা গেছে, ২০২০ সাল নাগাদ মোবাইল ব্যাংকিং বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে বছরে ৬৬০ কোটি রুপি লেনদেন হবে। তখন স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার বিপুল হারে বাড়বে। এর পাশাপাশি সরকারি নীতিমালাও আরও সহায়ক হবে। ২০২০ সালের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী ভারতের তরুণ জনগোষ্ঠীর প্রায় সবার হাতেই স্মার্টফোন চলে যাবে। সামগ্রিকভাবে এ সময়ের মধ্যে মোবাইল ফোন ব্যাংকিংয়ের ব্যাপক সম্প্রসারণ হবে।