লোকসানের মুখে চীনের মোটরগাড়িশিল্প

মান বাড়িয়েও চীনের মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ব্যবসায় খুব একটা সুবিধা করতে পারছে না। দেশটির মোটরগাড়িশিল্প নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান জে ডি পাওয়ার পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রকে হটিয়ে চীন বিশ্বের মোটরগাড়ির বৃহত্তম বাজারের স্থানটি দখল করলেও দেশটির নিজস্ব মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখনো আন্তর্জাতিক মান অর্জন করতে পারেনি। মান আগের চেয়ে বাড়লেও প্রতিযোগী বিদেশি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর থেকে এ ক্ষেত্রে এখনো পিছিয়ে চীনা নির্মাতারা।
মোটরগাড়ির মান নিয়ে পরিচালিত বার্ষিক এ জরিপে আরও বলা হয়েছে, মানের উন্নয়ন হলেও চীনা প্রতিষ্ঠানগুলোর বেচাকেনা চলতি বছরের প্রথম নয় মাসে অনেকটাই কমে গেছে। এর ফলে মোটরগাড়ির বিশ্ব বাজারে চীনা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দেওয়ার সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে জে ডি পাওয়ারের জরিপে।
জরিপে দেখা গেছে, চীনা নির্মাতাদের তৈরি প্রতি ১০০টি মোটরগাড়িতে ১৩১ ধরনের ত্রুটি ধরা পড়েছে। বিদেশি প্রতিষ্ঠানগুলোর তৈরি প্রতি ১০০ গাড়িতে এই ত্রুটির সংখ্যা ৯৫। মোট ২১ হাজার চীনা গাড়ির ওপর এ জরিপ পরিচালনা করা হয়। চীনা গাড়ি ও বিদেশি গাড়ির ত্রুটির পার্থক্য বর্তমানে ৩৬ পয়েন্ট, যা গত সাত বছরের জরিপের মধ্যে সর্বনিম্ন। ২০০৮ সালে এ ত্রুটির পার্থক্য সংখ্যা ছিল ১৪৫।
এ প্রসঙ্গে জরিপ প্রতিষ্ঠান জে ডি পাওয়ারের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জিওফ ব্রোডেরিক বলেন, চীনা ব্র্যান্ডের গাড়িগুলোর মান যে বাড়ছে, এ প্রতিবেদনে সে বিষয়টি উঠে এসেছে। ২০১৮ সাল নাগাদ মানের দিকের এ পার্থক্য আর থাকবে না বলে মনে হয়।
তবে মানের উন্নতির এ সুখবরে খুশি হতে পারছে না চীনা ব্র্যান্ডগুলো। কারণ মান বাড়িয়েও বিক্রিতে এ বছর খুবই কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানগুলো। দেশটির মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সমিতির তথ্য অনুযায়ী, যাত্রীবাহী চীনা সেডান কারের বিক্রি কমায় এ গাড়িগুলোর বাজার হিস্যা (মার্কেট শেয়ার) ২৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এসএআইসি গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে, নিজস্ব ব্র্যান্ডের গাড়ি বিক্রি করে চলতি বছরের প্রথম নয় মাসে তাদের ক্ষতি হয়েছে ৩৯০ কোটি রেনমিনবি (চীনা মুদ্রা)। একই সময়ে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল মটরস ও জার্মানিভিত্তিক ফক্স ওয়াগনের সঙ্গে যৌথ গাড়ি নির্মাণ প্রকল্প থেকে লাভ করেছে দুই হাজার ২৩০ কোটি রেনমিনবি।
বেসরকারি চীনা মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও খারাপ। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি জানিয়েছে, চলতি বছরে তাদের রাজস্ব কমেছে ২৬ শতাংশ। হাইব্রিড গাড়ির বিক্রিতেও সুবিধা করতে পারছে না প্রতিষ্ঠানটি।
ক্রেতা সন্তুষ্টির বিষয়টি তুলে আনতে ৬২টি বিভিন্ন ব্র্যান্ড এবং ২১২টি মডেলের গাড়ির ওপর মতামত নেওয়া হয়েছে জরিপে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা মোটরগাড়ির বাজার বিশ্বে সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিযোগী বেশি হয়ে যাওয়ায় চীনে বেশ কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড সামনের কয়েক বছরে বন্ধ হয়ে যেতে পারে।
জিওফ ব্রোডেরিক চীনা ক্রেতাদের বিষয়ে বলেন, যেকোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি চীনাদের আনুগত্য নেই বললেই চলে।
জে ডি পাওয়ারের জরিপ অনুযায়ী, ৪০ শতাংশ চীনা নাগরিক মোটরগাড়িতে কোনো ত্রুটি না দেখা গেলে সেটি কিনতে পরিবার ও বন্ধুদের উৎসাহিত করেন। আর ত্রুটি ধরা পড়লে এ হার কমে হয় ২৪ শতাংশ। সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস