শতকোটি ডলারের বিবাহবিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারল্ড হ্যাম ও সু অ্যান হ্যাম
হ্যারল্ড হ্যাম ও সু অ্যান হ্যাম

যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী হ্যারল্ড হ্যামের সঙ্গে বিবাহবিচ্ছেদের সুবাদে দেশটির শীর্ষ ১০০ নারী ধনীর তালিকায় উঠে যাচ্ছে সু অ্যানের নাম
যুক্তরাষ্ট্রের ধনকুবের হ্যারল্ড হ্যামকে বিবাহবিচ্ছেদ নিষ্পত্তি করতে বিপুল অঙ্কের অর্থ দিতে হচ্ছে।
সাবেক স্ত্রী সু অ্যান হ্যামকে প্রায় ১০০ কোটি ডলার দেওয়ার জন্য ধনাঢ্য এই তেল ব্যবসায়ীর প্রতি আদেশ জারি করেছেন ওকলাহোমের একটি আদালত। তবে হ্যামের স্ত্রী সু অ্যান হ্যাম (৫৮) বলেছেন, ওই অর্থ পর্যাপ্ত নয়। সে জন্য তিনি নিষ্পত্তির অর্থ আরও বৃদ্ধি করার জন্য আবার আদালতে যাচ্ছেন। তাঁর দাবি, তিনি হ্যামের সম্পদেরও একটা অংশ পেতে পারেন। প্রাথমিকভাবে তিনি এক হাজার ৭০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিলেন।
অ্যান তাঁর স্বামী হ্যারল্ড হ্যামের (৬৮) বিরুদ্ধে অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনে ২০১৩ সালে আদালতে বিবাহবিচ্ছেদ মামলা করেন। মামলার রায় পক্ষে যাওয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ নারী ধনীর তালিকায় তাঁর নাম উঠে যাচ্ছে।
হ্যারল্ড হ্যাম হচ্ছেন যুক্তরাষ্ট্রের কন্টিনেন্টাল রিসোর্সেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ফোর্বস ম্যাগাজিনের বিবেচনায় হ্যাম ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ৩০তম ও বিশ্বের ৭৬তম সেরা ধনী হন। তিনি কন্টিনেন্টাল রিসোর্সেসের ৬৮ শতাংশ শেয়ারের মালিক; যার আর্থিক মূল্য এক হাজার ৪০০ কোটি ডলার। টাইম ম্যাগাজিনও হ্যামকে ২০১২ সালে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় রেখেছে।
সু অ্যানকে ৯৯ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ৮৪২ ডলার পরিশোধের জন্য হ্যামের প্রতি আদেশ দিয়েছেন আদালত। এই আদেশে যেন স্বস্তির আনন্দই খুঁজে পেলেন হ্যাম। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিচার শেষ হয়ে গেছে। এখন আমি একজন মুক্ত মানুষ।’
হ্যাম-অ্যানের বিচ্ছেদটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদগুলোর একটি। ইতিহাসে ১০০ কোটি ডলারের বেশি পরিমাণ অর্থ দিয়ে বিবাহবিচ্ছেদ নিষ্পত্তি করার আরও কয়েকটি ঘটনা আছে। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদটি ঘটে চলতি ২০১৪ সালের মে মাসে। রাশিয়ার ধনকুবের দিমিত্রি রাইবলোভলেভ ৪৫০ কোটি ডলার দিয়ে তবেই স্ত্রী এলেনা রাইবলোভলেভার সঙ্গে বিচ্ছেদ ঘটান।
১৯৯৯ সালে অ্যালেক ওয়াইল্ডেনস্টেইন ও জোসেলিন পারসি দম্পতির বিবাহবিচ্ছেদের আর্থিক মূল্য ছিল ২৫০ কোটি ডলার। এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।
রুপার্ট মারডক ও ওয়েন্ডি ডেং দম্পত্তির বিবাহবিচ্ছেদ আছে তালিকার তৃতীয় স্থানে। ২০১৩ সালে ওই বিচ্ছেদ নিষ্পত্তি হয় ১৮০ কোটি ডলারের বিনিময়ে। মজার ব্যাপার হলো, পঞ্চম ব্যয়বহুল বিচ্ছেদটিতেও লেখা আছে রুপার্ট মারডকের নাম। ১৯৯৯ সালে আনা মারিয়া টরভের সঙ্গে ১২০ কোটি ডলারের ওই বিচ্ছেদ ঘটান তিনি।
ব্যবসায়ী হ্যারল্ড হ্যাম ১৯৮৮ সালে অর্থনীতিবিদ-আইনজীবী সু অ্যানকে বিয়ে করেন। জেন ও হিলারি নামে তাঁদের দুটি প্রাপ্তবয়স্কা মেয়ে রয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী হ্যাম চলতি বছর শেষে অ্যানকে ৩২ কোটি ৩০ লাখ ডলার দেবেন। বাকি অর্থ কিস্তিতে পরিশোধ করবেন। তবে প্রতি কিস্তিতে ন্যূনতম ৭০ লাখ ডলার দিতে হবে। সেই সঙ্গে সুদ যোগ হবে। এরই মধ্যে তিনি দুই কোটি ২০ লাখ ডলার পরিশোধ করেছেন।
মামলা করে অ্যান ২০১২ সালেও আড়াই কোটি ডলার জিতেছিলেন। এ ছাড়া তিনি ক্যালিফোর্নিয়ার কারমেলে অবস্থিত এক কোটি ৭৫ ডলার মূল্যের একটি খামার ও ওকলাহোমা শহরে ৪৭ লাখ ডলারের বাড়ি জিতেছেন।
হ্যাম ১৯৮৭ সালে প্রথম স্ত্রী জুডিথের সঙ্গে বিচ্ছেদ ঘটান। ওই সংসারে তাঁর তিন সন্তান রয়েছে। হ্যাম তাঁর মা-বাবার ১৩তম সন্তান।
সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, ডেইলি মেইল ও পেট্রো গ্লোবাল নিউজ