শরণার্থী ও দুর্যোগকবলিতদের আবাসনে নতুন পথের দিশারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইথিওপিয়ার দল্লো আদোর কোবে শরণার্থী শিবিরে তৈরি অস্থায়ী আবাসন ষ ফিন্যান্সিয়াল টাইমস
ইথিওপিয়ার দল্লো আদোর কোবে শরণার্থী শিবিরে তৈরি অস্থায়ী আবাসন ষ ফিন্যান্সিয়াল টাইমস

বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ও সিরিয়াসহ যেসব দেশে উদ্বাস্তু ও শরণার্থী মানুষের উপস্থিতি রয়েছে, তারা তাৎক্ষণিকভাবে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে ‘বার্নিং ম্যান’ উৎসবের দিকে তাকাতে হবে। কারণ, এ উৎসবে সাশ্রয়ী দামের অস্থায়ী আবাসনের মডেল বা নকশা তুলে ধরা হয় যা উদ্বাস্তু, শরণার্থী ও দুর্যোগকবলিত মানুষের তাৎক্ষণিক সহায়তায় ব্যবহার করা যায়।
বাংলাদেশ দু-তিন দশক ধরে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সমস্যায় রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ক্যাম্পগুলোতেই আছে ৫০ হাজার রোহিঙ্গা। তবে ছড়িয়ে-ছিটিয়ে আরও দুই থেকে আড়াই লাখ শরণার্থী রয়েছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এ দেশে বারবারই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। সে জন্য বার্নিং উৎসবে উপস্থাপিত অস্থায়ী আবাসনের নকশা ও কৌশল এ দেশের জন্য উপযোগী কি না, সেটি ভেবে দেখা যেতে পারে।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ, গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিডট এবং আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসোর মতো বিশ্বখ্যাত ব্যক্তিরাও বার্নিং ম্যান উৎসবে যোগ দেন।
‘বার্নিং ম্যান’ হচ্ছে একটি বার্ষিক উৎসব, যা যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্য নেভাদার ব্ল্যাক রক মরুভূমিতে সপ্তাহজুড়ে অনুষ্ঠিত হয়। এবারের উৎসব শুরু হয়েছে গতকাল সোমবার, চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারে প্রায় ৭০ হাজার হিপ্পি, অভিযাত্রী এবং প্রযুক্তি ও কারিগরি জ্ঞানে দক্ষ ব্যক্তি যোগ দিয়েছেন।
অন্য দশটি উৎসব থেকে ‘বার্নিং ম্যান’ আলাদা। এখানে মূলত একুশ শতকের জন্য অস্থায়ী বা তাৎক্ষণিক বাড়ি নির্মাণ ও সমসাময়িক জীবনযাপনবিষয়ক সৃজনশীল নতুন ধারণা প্রাধান্য পায়। পাশাপাশি এতে মৌলিক ও টেকসই বাড়ির স্থাপত্যনকশা প্রদর্শিত হয়।
২০০৩ সালের উৎসবে ‘হেক্সাইয়ার্ট’ নামের একটি বাড়ির নকশা উপস্থাপন করেন বিনয় গুপ্ত। এটি উদ্বাস্তু-শরণার্থীদের উপযোগী ও মজবুত বাড়ি। ব্ল্যাক রক সিটিতে আসা হাজার হাজার মানুষ এটি ব্যবহার করেন। বিনয় গুপ্তের ‘হেক্সাইয়ার্ট’ নামক অস্থায়ী বাড়ির প্রকল্পকে বিশ্বের জন্য একটি সৃজনশীল অবদান বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও গুপ্তের উদ্ভাবিত এই পরিবেশবান্ধব অস্থায়ী আবাসন ব্যবহারের কথা ভাবছে। এ ছাড়া ইউএনএইচসিআর ইথিওপিয়া-সোমালিয়া সীমান্তে ব্যবহার করছে সুইডেনের জোহান কার্লসনের উদ্ভাবিত অস্থায়ী বাড়ি, যা গাঁট্টি-বোচকার মতো বেঁধে রাখা যায়।
বার্নিং ম্যান উৎসব শুরু হয় ১৯৮৬ সালে। এতে অংশগ্রহণকারীদের সবাই খাদ্য-পানীয়সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসেন। তাঁরা এর আগে দেখাননি বা চেষ্টা করেননি এমন ধারণা ও সৃজনশীলতা উপস্থাপনের সুযোগ পান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি দেশে এ উৎসব হয়ে থাকে।
বার্নিং ম্যান উৎসবে যোগদানকারীদের বলা হয় বার্নিং ম্যান। তাঁরা কাজ করেন বার্নার্স উইদাউট বর্ডারস নামের একটি সংগঠনের আওতায়। এ সংগঠন দুর্যোগকবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে যায়।
এ উৎসবের ব্যয় মেটানো হয় টিকিট বিক্রি বাবদ পাওয়া আয় থেকে। টিকিটের দাম ১৯০ ডলার থেকে ৬৫০ ডলার। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ছাড় থাকে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস