শুরুতেই পুঁজিবাজারে ঝড় তুলল আলিবাবা

লেনদেন শুরু হওয়ার প্রথম ১০ মিনিটেই ১০ কোটি শেয়ার হাতবদল। আর তা ঘটেছে বিশ্বের বৃহত্তম চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার শেয়ারের ক্ষেত্রে।
এভাবেই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতেই বাজিমাত করেছে প্রতিষ্ঠানটি। আলিবাবার শেয়ারের অভিহিত মূল্য ৬৮ ডলার। আর শুক্রবার প্রথম লেনদেন শুরু হওয়ার সময়ই এক লাফে তা বেড়ে হয় ৯২ দশমিক ৭০ ডলার। অর্থাৎ শেয়ারের দাম বেড়েছে ৩৮ শতাংশ।
দিন শেষে আলিবাবার বাজারদর দাঁড়ায় ৯৩ দশমিক ৮৯ ডলার। মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ১৮ লাখ শেয়ার। এভাবেই পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম বৃহৎ আকারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পথচলা শুরু করা প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর তালিকায় ১৭তম স্থানে উঠে এসেছে।
দিন শেষে বাজার মূলধন (মার্কেট ক্যাপিটালাইজেশন) ভিত্তিতে আলিবাবার মূল্য দাঁড়িয়েছে ২৩ হাজার ১০০ কোটি ডলার। একটি প্রতিষ্ঠানের মোট শেয়ার সংখ্যাকে সর্বশেষ বাজারমূল্যের সঙ্গে গুণ করে বাজার মূলধন নির্ণয় করা হয়। বাজারমূল্যের ভিত্তিতে আমাজন, ই-বে, ফেসবুকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আলিবাবা ছাড়িয়ে গেছে জেপি মরগান এবং প্রক্টর অ্যান্ড গ্যাম্বলকেও।
বিনিয়োগকারীদের এই অভাবিত সাড়ায় উচ্ছ্বসিত আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেন, ‘আজ আমরা টাকা নয়, মানুষের আস্থা অর্জন করেছি। এই বিনিয়োগকারীদের আস্থা ভবিষ্যতেও কীভাবে ধরে রাখা যায়, তা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।’
আইপিওর মাধ্যমে আলিবাবা তুলেছে দুই হাজার ১৮০ কোটি ডলার, যা পুঁজিবাজারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। বিনিয়োগকারীদের আস্থা কাজে লাগিয়ে আলিবাবা দুই হাজার ৫০০ কোটি ডলার তুলতে পারত, তাহলে এটি হতো আইপিওর ইতিহাসে সর্বোচ্চ।
প্রতিষ্ঠানটিতে জ্যাক মার শেয়ারের পরিমাণ ৭ দশমিক ৮ শতাংশ, যার বাজারমূল্য এক হাজার ৮০০ কোটি ডলার। প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু তাদের শেয়ারের উল্লেখযোগ্য অংশ বিক্রি করে দিলেও আলিবাবাতে এখনো তাদের নিয়ন্ত্রণে থাকা শেয়ারের মূল্য তিন হাজার ৭৭০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আলিবাবার পথচলার শুরুকে চীনে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ-বিষয়ক সংবাদ পরিবেশনের জন্য চীন থেকে ১৩০ জন সাংবাদিকদের একটি বিশাল দল নিউইয়র্ক পুঁজিবাজারে আসে শুক্রবার। যাত্রা শুরু উপলক্ষে নিউইয়র্কের পুঁজিবাজারকে আলিবাবার নিজস্ব পতাকা, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়।
বিনিয়োগকারীদের এই ব্যাপক সাড়ার পেছনে পরিকল্পিত ও সফল প্রচারণা (রোড শো) ব্যাপক ভূমিকা রেখেছে বলে মনে করেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা। তবে অনেক বিনিয়োগকারী চাহিদামাফিক শেয়ার কিনতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান জো হ্যাম্বেরার পত্রকোষ (পোর্টফোলিও) ব্যবস্থাপক ভিন্স রিভারস বলেন, ‘যে পরিমাণ শেয়ার আমাদের কেনার পরিকল্পনা ছিল, তার সামান্যই আমরা কিনতে পেরেছি। চাহিদা বেশি হওয়ায় শেয়ার বিক্রি করতে আগ্রহী খুব বেশি লোক পাওয়ার সম্ভাবনা কম।’
পূর্ব চীনের হ্যাংঝু শহরের একটি অ্যাপার্টমেন্টে যাত্রা শুরু করা আলিবাবার গত বছরের বার্ষিক লেনদেনের পরিমাণ ছিল ৩০ হাজার কোটি ডলার। তবে পুঁজিবাজারে যাত্রা শুরু করলেও আলিবাবার পরিচালনা পর্ষদে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। অদ্ভুত গঠন-প্রক্রিয়া যার অন্যতম কারণ।
চীনে বিদেশি বিনিয়োগকারীদের সে দেশের কোনো প্রতিষ্ঠানে মালিকানা লাভের ব্যাপারে সরকারের নানা বিধিনিষেধ আছে। এর ফলে শেয়ার কিনলেও আলিবাবার বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির সম্পত্তি ও ব্যবসার পুরো মালিকানার অধিকারী হতে পারবেন না।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস