শেষ হচ্ছে অ্যাডিডাসের রিবক অধ্যায়
২৫০ কোটি ডলারে বিক্রি হচ্ছে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড রিবক। সম্প্রতি অ্যাডিডাস তাদের সহযোগী ব্র্যান্ড রিবক বিক্রি করতে মার্কিন প্রতিষ্ঠান অথেনটিক ব্র্যান্ড গ্রুপের সঙ্গে চুক্তি করেছে। আগামী বছরের প্রথম প্রান্তিকে রিবকের মালিকানা হস্তান্তর সম্পন্ন হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
রিবকের বাজার মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক। ২০০৬ সালে ৩৮০ কোটি ডলারে রিবক কিনে নিয়েছিল অ্যাডিডাস। এই একীভূতকরণে অ্যাডিডাসের মূল লক্ষ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী নাইকিকে হটানো। কিন্তু নতুন ব্র্যান্ডটি নিয়ে লাভ হয়নি তাদের। কারণ, রিবকের ব্যবসা ভালো হয়নি। তাই ২০২০ সাল থেকেই এটি বিক্রি করে দিতে চাইছে অ্যাডিডাস।
জার্মানভিত্তিক কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, চলতি বছরের জন্য তার যে আর্থিক লক্ষ্য রয়েছে বা মার্চে ঘোষিত পাঁচ বছরের কৌশলগত লক্ষ্যমাত্রার ওপর এই বিক্রির কোনো প্রভাব পড়বে না।
বলা যায়, অ্যাডিডাসের মালিকানায় আসার পরই রিবকের জনপ্রিয়তা ম্লান হয়ে গেছে। ব্র্যান্ডটি একসময় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে (এনবিএ) স্পন্সর করত। তবে একীভূত হওয়ার পর সব ক্যাম্পেইনই তাদের করতে হয়েছে অ্যাডিডাসের ব্যানারে। যুক্তরাষ্ট্রের বোস্টন, ম্যাসাচুসেটসে রিবকের কার্যালয় রয়েছে। তবে এর আদি ব্যবসা ইংল্যান্ডের বোল্টনে। ১৯৮২ সালে রিবক ফ্রি–স্টাইল অ্যারোবিকস জুতা তৈরির মাধ্যমে ব্যাপকভাবে পরিচিতি পায়।