শেয়ার ব্যবসায় বড় অঙ্কের অর্থ হারালেন বিশ্বের শীর্ষ ধনীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফ বেজোস, মার্ক জাকারবার্গ
জেফ বেজোস, মার্ক জাকারবার্গ

বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কয়েকজন বিনিয়োগকারী হঠাৎ করে গত শুক্রবারের পর থেকে তিন দিনে শেয়ারবাজারের ব্যবসায় বড় অঙ্কের অর্থ খুইয়েছেন।

এর মধ্যে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী অনলাইনভিত্তিক কেনাবেচার প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও জেফ বেজোস ৩৭০ কোটি ডলার খুইয়েছেন। ফলে তাঁর নিট সম্পদের পরিমাণ ৮ হাজার ৬৫০ কোটি ডলার থেকে ৮ হাজার ২৮০ কোটি ডলারে নেমেছে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হারিয়েছেন ২৫০ কোটি মার্কিন ডলার। ফলে জাকারবার্গের নিট সম্পদের পরিমাণ কমে ৬ হাজার ৩৫০ কোটি ডলারে নেমে গেছে।

আলোচ্য সময়ে গুগলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও ল্যারি পেজ, গুগলের সহপ্রতিষ্ঠাতা ও এটির মূল কোম্পানি অ্যালফাবেটের প্রেসিডেন্ট সার্গেই ব্রিন এবং ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন—এই তিন ধনকুবেরের প্রত্যেকে প্রায় একই পরিমাণ অর্থ খুইয়েছেন। ফোর্বস ম্যাগাজিনের বৈশ্বিক ধনীদের তালিকায় তাঁদের মধ্যে ল্যারি অ্যালিসন ৫ম, ল্যারি পেজ ১২তম ও সার্গেই ব্রিন ১৩তম স্থানে আছেন।

১০০ কোটি ডলার হারিয়েছেন বিশ্বের এক নম্বর ধনী বিল গেটসও। এতে তাঁর নিট সম্পদ ৯ হাজার কোটি ডলার থেকে কমে ৮ হাজার ৯০০ কোটি ডলারে নেমেছে। টাইম মানি অবলম্বনে