শ্রীলঙ্কায় আরও সাড়ে ১২ হাজার টন চাল রপ্তানি
শ্রীলঙ্কার উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে সাড়ে ১২ হাজার টন রপ্তানি চালবোঝাই জাহাজ এমভি বাংলার কল্লোল। বন্দরের ৪ নম্বর জেটি থেকে গতকাল শনিবার জাহাজটি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়।
এ নিয়ে মোট ২৫ হাজার টন চাল রপ্তানি হলো শ্রীলঙ্কায়। এর আগে গত ২৭ ডিসেম্বর প্রথম চালানেও সাড়ে ১২ হাজার টন চাল রপ্তানি হয়। এসব চালের টনপ্রতি রপ্তানি মূল্য হচ্ছে ৪৫০ মার্কিন ডলার; যা বাংলাদেশের প্রায় ৪০ হাজার টাকার মতো।
দ্বিতীয় চালানের চালবাহী জাহাজ গতকাল বন্দরের জেটি ছেড়ে যাওয়ার আগে খাদ্য বিভাগের মহাপরিচালক সারোয়ার খান সাংবাদিকদের বলেন, শ্রীলঙ্কার সঙ্গে ২৫ হাজার টন চাল রপ্তানির চুক্তি হয়েছিল। সেই অনুযায়ী শেষ চালানটি পাঠানো হলো।
এ সময় বন্দর জেটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মকসুমুল কাদের, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক আবদুল আজিজ মোল্লা, খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জহিরুল ইসলাম প্রমুখ।
সারোয়ার খান বলেন, দেশের সামগ্রিক খাদ্য চাহিদা বিবেচনায় চাল মজুত রাখার নিরাপদ স্তর হলো ৯ থেকে ১০ লাখ টন। বর্তমানে এর চেয়ে বেশি চাল মজুত আছে।