শ্রীলঙ্কায় চাল রপ্তানির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন সুগন্ধি চাল রপ্তানি করলেও এবার সেদ্ধ চাল রপ্তানিকারক দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কায় ৫০ হাজার টন সেদ্ধ চাল রপ্তানি করা হবে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকটির আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, অর্থসচিব মাহবুব আহমেদ ও পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য শফিকুল আজম উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কায় পরীক্ষামূলকভাবে চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় রেখে উভয় দেশ দাম ঠিক করবে বলে জানান অর্থমন্ত্রী।
এই রপ্তানির ফলে দেশে চালের কোনো সংকট হবে কি না বা চালের বাজারে কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো সমস্যা হবে না। দেশে বর্তমানে ১১ লাখ টন চাল মজুত আছে।’
এর আগে চালের উৎপাদন ও সরকারি গুদামে মজুত পর্যালোচনা করে খাদ্য অধিদপ্তর ৫০ হাজার থেকে এক লাখ টন চাল শ্রীলঙ্কায় রপ্তানি করার ব্যাপারে মত দেয়।
বাংলাদেশ থেকে সেদ্ধ চাল আমদানির প্রস্তাব দেয় প্রথম বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশন।
বাংলাদেশ তো চাল আমদানিকারক দেশ, তাহলে রপ্তানি করবে কীভাবে—এমন প্রশ্নের জবাব দেননি অর্থমন্ত্রী।
তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নিজের গায়ের শার্টের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এর কাপড় বিদেশ থেকে আমদানি করা হয়। তৈরি করা শার্ট কিন্তু বিদেশে রপ্তানিও করি আমরা।’
শ্রীলঙ্কায় চাল রপ্তানির প্রভাব নিয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কাজী শাহাবুদ্দিন বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধাতত্ত্ব অনুযায়ী বাংলাদেশ চাল রপ্তানি করতে পারে না, তবে আমদানি করতে পারে।
কাজী শাহাবুদ্দিন বলেন, বেশি উদ্বৃত্ত থাকলে কৃষক চালের দাম পান না। সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার কৃষকের বিষয়টি মাথায় নিয়ে থাকলে তিনি স্বাগত জানান।
ক্রয় কমিটির বৈঠক: এদিকে ক্রয় কমিটির বৈঠকে বাংলাদেশ পাটকল করপোরেশনের কাছ থেকে এক কোটি ৫০ লাখ পিস বস্তা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মানোন্নয়নে সংশোধিত চুক্তিমূল্যের প্রস্তাব, ২৫ হাজার করে এক লাখ টন সার আমদানির চারটি আলাদা প্রস্তাব, উত্তরা আদর্শ আবাসিক শহর (তৃতীয় পর্ব) প্রকল্পের অবশিষ্টাংশ এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পে আটটি সেতু নির্মাণকাজের অসমাপ্ত অংশ নির্মাণসহ ১৫টি প্রস্তাবের মধ্যে ১৩টি অনুমোদিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রমুখ।