শ্রীহট্টে ১৩০ কোটি ডলার বিনিয়োগে ৫ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মৌলভীবাজারে প্রতিষ্ঠিত শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৩০ কোটি ডলার বা ১০ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে পাঁচটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ওই অর্থনৈতিক অঞ্চলের জমি প্রায় পুরোটাই বরাদ্দ নিয়েছে।

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে কারখানা করার জন্য প্রথম জমি বরাদ্দ দেওয়া হয় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের। জমি বরাদ্দের বিবরণপত্র প্রকাশের পর সেখানে ১১টি প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ দেখিয়ে প্রস্তাব জমা দেয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে। যে ১১টি প্রতিষ্ঠান শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দের আবেদন করেছে, তাদের বাইরেও অনেকে জমি চেয়েছিল। কিন্তু তা দেওয়া সম্ভব হয়নি।

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের আকার ৩৫২ একর। এর মধ্যে ১১২ একর জমি রাখা হবে জলাধার হিসেবে। বাকি ২৪০ একর জমিতে কারখানা ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। বেজা এখন পর্যন্ত ৫টি প্রতিষ্ঠানকে ২১২ একর জমি বরাদ্দ দিয়েছে। এর মধ্যে বেশির ভাগ জমি নিয়েছে দেশের পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। তারা পেয়েছে ১৭০ একর। এ ছাড়া গ্রেটওয়াল সিরামিকস ২৫ একর, পলমল গ্রুপের দুই কোম্পানি আসওয়াদ কম্পোজিট মিলস ও আয়েশা ক্লথিং নিয়েছে ১৪ একর এবং ডাবল গ্লেজিং নামের অনাবাসী বাংলাদেশিদের একটি প্রতিষ্ঠান নিয়েছে ৩ একর জমি।

মোট ১৩০ কোটি ডলার বিনিয়োগের মধ্যে ১১৮ কোটি ৩০ লাখ ডলারই করবে ডিবিএল। এ ছাড়া আয়েশা ক্লথিং সাড়ে ৫ কোটি, আসওয়াদ কম্পোজিট ৩ কোটি, গ্রেটওয়াল সিরামিকস ৩ কোটি ২৫ লাখ ও ডাবল গ্লেজিং ৮১ লাখ ডলার বিনিয়োগ করবে। ওরিয়ন গ্রুপ শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমি চেয়েছিল। কিন্তু বেজা তা দিতে পারেনি। এর বদলে ওরিয়নকে ৫ একর জমি দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি সেখানে একটি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ কারখানা করবে বলে জানিয়েছে বেজা।

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ডিবিএল গ্রুপ কয়েকটি পোশাক ও বস্ত্র এবং সিরামিক কারখানা মিলিয়ে মোট ২০টি কারখানা করবে।

ডিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আমাদের যে পরিমাণ পোশাক তৈরির সক্ষমতা আছে, তার চার ভাগের এক ভাগ সুতা নিজেরা তৈরি করতে পারি। আমাদের আরও স্পিনিং মিল দরকার। শ্রীহট্টে তিনটি স্পিনিং মিল করব। এতেই প্রায় ৩০০ বিঘা জমি লাগবে। এ ছাড়া সেখানে আমাদের সিরামিক কারখানার সম্প্রসারিত অংশও করব।’ এ ছাড়া কিছু যৌথ বিনিয়োগ প্রস্তাবও আছে বলে জানান তিনি।

গ্রেটওয়াল সিরামিক শ্রীহট্টে একটি টাইলস উৎপাদন কারখানা করার চিন্তা করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘শ্রীহট্টে আমাদের প্রকল্প প্রায় ৩০০ কোটি টাকার। সেখানে আমরা চীনা একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগের চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, সিলেটের হবিগঞ্জে তাঁদের একটি কারখানা আছে। এ জন্য শ্রীহট্ট তাঁদের আরেকটি কারখানা করার জন্য সুবিধাজনক জায়গা।

অনাবাসী বাংলাদেশির ডাবল গ্লেজিং নামের প্রতিষ্ঠানটি এ দেশে ডাবল গ্লেজড কাচ নামে বিশেষ ধরনের দামি কাচ উৎপাদন করবে, যা অভিজাত ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এ ধরনের কাচ বাংলাদেশে উৎপাদিত হয় না।