সংকটে চীনের রাষ্ট্রীয় বিমান

খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাগুলো। গেল বছর থেকে এ অবস্থার শুরু। চলতি বছরের প্রথম ছয় মাসেও সেটি কাটিয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
চীনের বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলোর আয়ের সিংহভাগ আসে চীনা মুদ্রা রেনমিনবির মাধ্যমে। অন্যদিকে জ্বালানি খরচ ও বিমান পরিচালনা ব্যয়ের অধিকাংশ অর্থ মার্কিন ডলারে ব্যয় করতে হয়। গত এক দশকে রেনমিনবির বিনিময় হার ডলারের বিপরীতে ক্রমাগতভাবে বেড়েছে, আর এতে বেশি লাভবান হয়েছে এয়ার চায়না, চায়না ইস্টার্ন, চায়না সাউদার্নের মতো বড় বিমান সংস্থাগুলো। তবে এ বছরের শুরু থেকেই রেনমিনবির অব্যাহত দরপতনে তিনটি বিমান সংস্থাই তাদের লাভের পরিমাণ কমে আসার আশঙ্কা করছে।
সর্বশেষ চীনের বৃহত্তম বিমান সংস্থা চায়না ইস্টার্ন তাদের প্রথম ছয় মাসের লাভ মাত্র পাঁচ কোটি রেনমিনবিতে (৮০ লাখ ডলার) নেমে আসার ঘোষণা দেওয়ায় সেটি প্রচণ্ড হতাশ করেছে শেয়ারে বিনিয়োগকারীদের। অথচ গত বছরের একই সময়ে এ লভ্যাংশের পরিমাণ ছিল ৫৪ কোটি ২০ লাখ রেনমিনবি।
সাংহাইভিত্তিক চায়না ইস্টার্নের জন্য আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চীনা সেনাবাহিনীর বার্ষিক অনুশীলন। কারণ, এ ধরনের অনুশীলন চলাকালে এই সময়ে দেশটির পূর্বাঞ্চলে ও মধ্যাঞ্চলে নিরাপত্তার কারণে অনেক নিয়মিত বিমানের যাত্রা বাতিল করতে হয়েছে। এটি বিমান সংস্থাটির জন্য অনেকটা মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো। এ কারণে সব মিলিয়ে মোট ২৬ হাজার বিমানের যাত্রা স্থগিত হতে পারে।
রেনমিনবির অবমূল্যায়নে বিমান সংস্থাটির ঋণের বোঝা আরও ভারী হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বার্কলেজের বেসামরিক বিমান চলাচল বিশ্লেষক প্যাট্রিক ঝু বলেন, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অবমূল্যায়ন ঋণে জর্জরিত এসব প্রতিষ্ঠানকে আরও সমস্যায় ফেলবে। অপর আর্থিক প্রতিষ্ঠান ম্যাককোয়ারের মতে, রেনমিনবির অবমূল্যায়নের আগে বড় তিনটি বিমান সংস্থার মূলধনের বিপরীতে ঋণের (ডেট টু ইকুয়িটি) অনুপাত ছিল ১৮০ থেকে ২৬৭ শতাংশ। অর্থাৎ ১০০ টাকা মূলধনের বিপরীতে প্রতিষ্ঠানগুলোর ঋণ ছিল ১৮০ থেকে ২৬৭ টাকা। নতুন এ অবমূল্যায়নের ফলে শুধু চায়না ইস্টার্নের ক্ষেত্রে এ পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫০০ শতাংশে।
বার্কলেজ ও ম্যাককোয়ার উভয় প্রতিষ্ঠানের বিশ্লেষকেরা এয়ার চায়না ও চায়না সাউদানের্র ব্যাপারে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করছে না। কারণ হিসেবে তারা বলছে, সংস্থা দুটির অভ্যন্তরীণ রুটে যাত্রীদের ব্যাপক চাহিদা থাকায় ভাড়া নেওয়ার ক্ষেত্রে তাদের একচেটিয়া দাপট রয়েছে। তবে বার্কলেজ চায়না ইস্টার্নের শেয়ারে বিনিয়োগকে লাভজনক মনে করলেও ম্যাককোয়ার তা মনে করছে না।
রেনমিনবির অবমূল্যায়নের প্রভাব পড়েছে বিমান সংস্থাগুলোর জ্বালানি তেলের ক্রয়ের ক্ষমতাতেও। এসব সংস্থার মোট ব্যয়ের এক-তৃতীয়াংশই ব্যয় হয় জ্বালানি তেলের পেছনে। তিনটি বড় বিমান পরিবহন সংস্থা মিলিয়ে ২০১৩ সালে জ্বালানি তেল কেনায় মোট ব্যয় হয়েছিল নয় হাজার ৯০০ কোটি রেনমিনবি।
জ্বালানি তেলের পেছনে অব্যাহত খরচ কমাতে বিমান সংস্থাগলো আবার ‘হেজিং’ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে। হেজিং হলো এমন একটি আর্থিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত দামে পণ্য কেনার চুক্তি করা হয়। মূলত জ্বালানি তেলের বাজারে দামের ওঠা-নামার অনিশ্চয়তা এড়াতে হেজিং ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে পণ্যের দাম হ্রাস-বৃদ্ধি ঘটলেও সরবরাহকারীকে চুক্তি নির্ধারিত মূল্যেই পণ্য বিক্রি করতে হয়।
এয়ার চায়না গত মার্চে বলেছিল, তাদের ব্যবস্থাপনা বোর্ড বাজার পরিস্থিতি দেখে আবার হেজিং প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে। তবে ১৩ আগস্ট সে ঘোষণা থেকে সরে আসে তারা। চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্নও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
হংকংভিত্তিক বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিকও একই সমস্যায় রয়েছে। ডলারের বিপরীতে হংকং ডলারের অবমূল্যায়ন হওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে ক্যাথে প্যাসিফিক তাদের মোট চাহিদার ২৫ শতাংশ কম জ্বালানি তেল কিনতে পেরেছে। সিঙ্গাপুর এয়ারলাইনস এ সমস্যা এড়াতে তাদের মোট জ্বালানি চাহিদার সর্বোচ্চ ৬০ শতাংশ তেল হেজিংয়ের মাধ্যমে সংগ্রহ করছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস