সংরক্ষণবাদ বেশি দিন চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপ কুচারস্কি
ফিলিপ কুচারস্কি
ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) চিফ অপারেটিং অফিসার হলেন ফিলিপ কুচারস্কি। ফিলিপ আইসিসিতে যোগ দেওয়ার আগে লন্ডনের অর্থনৈতিক সাময়িকী ইকোনমিস্ট এবং ইউরোপীয় প্রেস এজেন্সিতেও বিপণনের কাজ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামে অংশ নিতে তিনি ঢাকায় এলে মুক্ত বাণিজ্য প্রসারের পথে চ্যালেঞ্জগুলো নিয়ে প্রথম আলোর মুখোমুখি হন। সাক্ষাৎকার নিয়েছেন কামাল আহমেদ

প্রথম আলো: মাস দুয়েক হলো আন্তর্জাতিক বণিক সভা, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে। এই সিদ্ধান্তের মানে কী?

ফিলিপ কুচারস্কি: আমাদের জন্য এটি একটি বড় অগ্রগতি ও গর্বের বিষয়। আইসিসি হলো একমাত্র বণিক সভা, জাতিসংঘে যার পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হলো। এর মানে হলো কিছু রাষ্ট্রের প্রতিনিধিদল যে মর্যাদা পায়, আমরাও সেই একই মর্যাদার অধিকারী। তবে অন্য যেকোনো কিছুর চেয়েও যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ তা হলো আমরা ব্যবসা-বাণিজ্যবিষয়ক বিভিন্ন ইস্যুতে আমাদের প্রস্তাব বা সুপারিশ এখন জাতিসংঘ সাধারণ পরিষদে পেশ করতে পারব। আইসিসির উদ্যোগে আমাদের মূল্যবোধ তুলে ধরার জন্য এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম।

প্রথম আলো: কিন্তু বাস্তবতা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনের পর থেকেই অবাধ বাণিজ্যের চিত্রটা বদলে যেতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কাছ থেকে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে এই মুক্ত বাণিজ্যের ধারণা। বিশ্ব কোন পথে এগোচ্ছে বলে আপনার মনে হয়?

ফিলিপ কুচারস্কি: আমি জন্মগতভাবে একজন আশাবাদী লোক। অনেকে আমাকে আশাবাদের পাগল বা পাগলের মতো আশাবাদী বলে থাকে। আমার আশাবাদী মন বলছে এই উদ্বেগজনক প্রবণতা যেটা আমরা দেখছি‍—এই সংরক্ষণবাদ বা সীমান্ত বন্ধ করে দেওয়া বেশি দিন চলবে না। একজন ব্রিটিশ হিসেবে আমি দেখেছি যে এটা শুরু হয়েছে ব্রেক্সিট থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের যাওয়ার সিদ্ধান্তে, যে ইউনিয়ন গড়তে পঞ্চাশ বছর লেগেছে এবং যেটি বিশ্বের সবচেয়ে বড় অভিন্ন একক মুক্ত বাজার এলাকা। যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি ছিল আমাদের জন্য প্রথম হুঁশিয়ারি এবং অবশ্যই ঘটনাবহুল গত কয়েক সপ্তাহ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের বক্তব্য যা মৌলিকভাবে আমাদের নীতিমালার পরিপন্থী। আমি বলতে চাইছি আইসিসির নীতিমালার পরিপন্থী। আমরা অবশ্যই মুক্ত বাণিজ্য ও সীমান্ত উন্মুক্ত রাখার পক্ষে এবং বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে আলোচনার পক্ষে থাকব এবং সবাই মিলে কাজ করব। আমরা বিশ্বাস করি, বহুপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো অধিকতর ভারসাম্যপূর্ণ এবং অধিকতর ন্যায্য। বিশ্বে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাড়বে এবং সেটা একটা উদ্বেগের বিষয়। তবে আমি মনে করি, আমরা যা বিশ্বাস করি তার পক্ষে আমাদের দাঁড়াতে হবে।

প্রথম আলো: ব্রেক্সিটের ভোট ছিল খুব সামান্য ব্যবধানের এবং পরে অনেকেই বলেছেন যে তাঁরা বুঝতে পারেননি যে ওই ভোটের মানে কী দাঁড়াবে। কিন্তু তাতে বিশ্বে কোনো পরিবর্তন ঘটেনি। যুক্তরাষ্ট্রে ট্রাম্প নির্বাচিত হয়ে গেলেন। এখন আবার ব্রিটিশ পার্লামেন্টেও ব্রেক্সিটের পরিকল্পনা অনুমোদিত হয়ে গেল। সুতরাং সংরক্ষণবাদের পথেই তো আমরা এগোচ্ছি?

ফিলিপ কুচারস্কি: ইউরোপীয় জোট ত্যাগ করার দল যে জিতল তাতে অবশ্যই সবাই বিস্মিত হয়েছে। ফলে যুক্তরাজ্যে যখন গণভোটের ফল বেরোল তখন অবস্থাটা এমন ছিল যে তাঁরা জানতেন যে এখন কী করা উচিত?

পার্লামেন্টের জন্য যখন এ সুযোগটি এল তখন তারা আলোচনার পর আর্টিকেল ফিফটি অনুমোদন করল, যার মানে হচ্ছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া আগামী মার্চেই শুরু করবে। এটা সবার জন্যই বিস্ময়। আমি যুক্তরাজ্যে যাঁদের সঙ্গেই কথা বলেছি তাঁরাও বিস্মিত। তাঁরা যে কোথায় যাচ্ছেন তা তাঁরা জানেন না। যেকোনো ক্লাব বা সংগঠনের নিয়ম হচ্ছে আপনি যখন সেখান থেকে বেরিয়ে যাবেন তখন আপনার সদস্যপদ আর থাকবে না। এবং আপনি যখন আর সদস্য থাকছেন না তখন আপনাকে নতুন করে ২৭ সদস্যের ক্লাবের সদস্যদের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটি একটি অদূরদৃষ্টি সিদ্ধান্ত। তবে আপনি যখন একটি গণভোটে গেছেন তখন সেটাই গণতন্ত্র এবং গণতন্ত্রের যে সিদ্ধান্ত তার ফলাফল যা-ই হোক না কেন সেটা আমাদের মানতে হবে।

প্রথম আলো: তাহলে কি আইসিসির জন্য নতুন বাণিজ্য পরিবেশ একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, যেখানে বহুপক্ষীয় ব্যবস্থা থেকে দ্বিপক্ষীয় ব্যবস্থায় দেশগুলোকে যেতে হতে পারে?

ফিলিপ কুচারস্কি: আইসিসির অবস্থান থেকে যতক্ষণ বাণিজ্য হচ্ছে এবং বাণিজ্যের পথে কোনো প্রতিবন্ধক নেই ততক্ষণ আমরা তা সমর্থন করব। তবে মুক্ত বাণিজ্য বা অবাধ বাণিজ্যের দৃষ্টিভঙ্গি থেকে একের সঙ্গে এক বাণিজ্য একেবারেই আলাদা এবং তা বহুপক্ষীয় ব্যবস্থায় চলে না। আমরা অবশ্যই বহুপক্ষীয় ব্যবস্থার পক্ষে এবং সেটিকে সমর্থন করি। কেননা, বহুপক্ষীয় ব্যবস্থায় দুর্বল দেশগুলোও শক্তিশালী দেশগুলোর সঙ্গে সমমাত্রায় অংশগ্রহণের সুযোগ পায় এবং বড় শক্তি সেখানে ছোটদের হেয় করার সুযোগ পায় না। ব্রিটিশ সরকার কিন্তু অবাধ বাণিজ্যব্যবস্থাকে এগিয়ে নেওয়ার পক্ষে দাঁড়িয়েছে। তাদের ক্ষেত্রে বিষয়টা হবে নতুন করে বাণিজ্য আলোচনা করা এবং তাতে একটু বেশি সময় লাগবে। এতে করে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তারা যতটা সুবিধা পেত তার চেয়েও ভালো কিছু সম্ভব কি না সেটা আমি জানি না। আমার কাছে আরও উদ্বেগের বিষয় হচ্ছে বাকি ইউরোপে যেসব প্রবণতা দেখা যাচ্ছে সেটা। আগামী কয়েক বছরের মধ্যেই নির্বাচন হবে হল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালিতে। কিছু সংরক্ষণবাদী দল তাদের ধারণা চাপিয়ে দিতে চায় এবং সেই চাপের মুখে সরকারগুলো টেকে কি না সেটাই দেখার বিষয়। ইউরোপের জাতীয়তাবাদ আপনাদের এখান থেকে একটু আলাদা। কেননা আমরা ইচ্ছে হলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারি, জার্মানিতে যেতে পারি, স্পেনে যেতে পারি, ইতালিতে যেতে পারি। এসব সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার মানেটা খুবই আলাদা।

প্রথম আলো: এই সংরক্ষণবাদের উত্থানের প্রভাব আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা নেপালে কী হতে পারে?

ফিলিপ কুচারস্কি: উন্নয়নশীল দেশগুলোর ওপর এর প্রভাব নেতিবাচক হওয়ার কথা নয়। ব্রিটেনের মতো দেশ আপনাদের মতো দেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি যেটিকে ভুল মনে করি তা হলো এ মুহূর্তে যে বার্তাটি প্রচার হচ্ছে সেটি বর্ণবাদ বিশেষ করে অভিবাসীদের বিরুদ্ধে। ব্রেক্সিটের ক্ষেত্রে এটা তো অবশ্যই হয়েছে এবং এখন ফ্রান্সেও তা বাড়ছে। এসব দেশ যদি ধর্ম-বর্ণ বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে তারা কার সঙ্গে বাণিজ্য করবে আর কার সঙ্গে করবে না, তা হবে আমাদের বিশ্বাসের পরিপন্থী। আমাদের বিশ্বাসের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। উদ্বেগের বিষয় হচ্ছে, সংরক্ষণবাদের সঙ্গে বৈষম্যেরও উত্থান ঘটছে।

প্রথম আলো: আপনি ঢাকায় যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামে এসেছেন, সেখানে কি এই উদ্বেগের কোনো প্রতিফলন দেখেছেন?

ফিলিপ কুচারস্কি: ব্রিটেনের বিপরীত ভাষাটাই এখানে দেখেছি। যতজনের কথা শুনছি তাঁদের অধিকাংশই মুক্ত বাণিজ্য এবং যত বেশি সম্ভব অংশীদারত্বের কথা বলেছেন।

প্রথম আলো: এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামের আলোচনা থেকে কী পাওয়া গেল?

ফিলিপ কুচারস্কি: আমার বিশ্বাস, এটি ছিল ষষ্ঠ অথবা সপ্তম ফোরাম। এর আগেরটি হয়েছিল ২০১৪ সালে। আমি দেখছি যে আমাদের জাতীয় কমিটিগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম সেরা দক্ষ, উৎসাহী এবং প্রাণশক্তিতে ভরপুর, যেটি পরিচালনা করছেন খুবই মেধাবী এবং উচ্ছল ব্যবসায়ী নেতা। এঁদের অবস্থান এই অঞ্চলেও বেশ দৃঢ়। স্থানীয় অগ্রাধিকার এবং স্থানীয় বৈশিষ্ট্যগুলো বোঝার ক্ষেত্রে এটি ছিল আমার জন্য খুবই চমৎকার সুযোগ। আমার কাছে এটি এই অঞ্চলকে জানার সুযোগ করে দিয়েছে। ভারত ও চীনের মতো দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আমার যতটা দেখা-সাক্ষাৎ হয়, সে রকমটি নেপাল বা ভুটানের মতো দেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে হয় না। এ ধরনের ফোরাম বাণিজ্যজগতে নানা ধরনের যোগাযোগ গড়ে তোলার সুযোগ তৈরি করে দেয়।

প্রথম আলো: এখানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে নাগরিক সমাজ ও সরকারের সম্পর্ক বা যোগাযোগ কেমন বলে আপনার মনে হলো?

ফিলিপ কুচারস্কি: এটা তো খুব ঘনিষ্ঠ বলেই মনে হলো। প্রেসিডেন্ট এটি উদ্বোধন  করলেন, মন্ত্রীরা—বাণিজ্যমন্ত্রী এবং অন্যরা এসব বাণিজ্য ফোরামে অংশগ্রহণে বেশ উৎসাহী ছিলেন বলেই মনে হলো। আপনি বিশ্বের সব দেশে এমনটি দেখবেন না। অনেক দেশই আছে যেখানে রাজনীতিবিদ ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে কঠোরভাবে দূরত্ব বজায় রাখা হয়। অবশ্য সেই চলনটি এখন কমে আসছে। ব্যবসায়ীরা কতটা গুরুত্বপূর্ণ সেটা রাজনীতিকেরা বুঝতে শুরু করেছেন। ব্যবসায়ীরা কর্মসংস্থানের ব্যবস্থা করেন, সম্পদ তৈরি করেন। এখন এমনকি, চীনের প্রেসিডেন্টও দাভোসে মুক্ত বাণিজ্যের পক্ষে দাঁড়িয়েছেন। সরকারগুলো এখন ব্যবসায়ীদের সঙ্গে মিলে কাজ করছে। আমরা আইসিসি অরাজনৈতিক সংগঠন এবং নিজেদের অর্থায়নে চলি। কিন্তু আমরাও সরকারের সঙ্গে কাজ করতে চাই, বিশেষত শিল্প-বাণিজ্যের সেরা নিয়মনীতি তৈরি এবং চর্চার লক্ষ্যে।

আন্তর্জাতিক বাণিজ্যে পরিবেশবিষয়ক বিধিমালা, দুর্নীতিবিরোধী, সাইবার নিরাপত্তা, মেধাস্বত্ব সুরক্ষা, ব্যবসায়িক বিরোধে মধ্যস্থতার নীতিমালা তৈরির কাজ করছি। বাংলাদেশে আইসিসি ব্যাংকিং বিষয়ে একটি শক্তিশালী কমিশন করেছে

প্রথম আলো: আইসিসি যেহেতু বাণিজ্যের প্রসার ঘটানোর কাজ করছে, সেহেতু বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন বাজারে প্রবেশাধিকার পেতে বিশেষ করে শুল্কমুক্ত-সুবিধা পেতে সংস্থাটি কী ধরনের সাহায্য করতে পারে?

ফিলিপ কুচারস্কি: আমরা কোনো খাতভিত্তিক সংগঠন নই যে আমরা কোনো বিশেষ শিল্পকে প্রত্যক্ষ সহায়তার জন্য হস্তক্ষেপ করব। আমরা বহু খাতের প্রতিনিধিত্ব করি। আমরা যেভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারি বাস্তবে ইতিমধ্যেই যা আমরা করছি তা হলো আমাদের কমিশনগুলো, টাস্কফোর্সগুলো বাংলাদেশের প্রতিনিধিত্ব রয়েছে এবং আমরা সবাই মিলে ব্যবসা-বাণিজ্যের জন্য বিভিন্ন নিয়ম-নীতি তৈরির চেষ্টা করছি। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা আন্তর্জাতিক বাণিজ্যে পরিবেশবিষয়ক বিধিমালা তৈরি করেছি। আমরা দুর্নীতিবিরোধী, সাইবার নিরাপত্তা, মেধাস্বত্ব সুরক্ষা, ব্যবসায়িক বিরোধে মধ্যস্থতার নীতিমালা তৈরির কাজ করছি। বাংলাদেশে আইসিসি ব্যাংকিং বিষয়ে একটি শক্তিশালী কমিশন করেছে।

প্রথম আলো: ডোনাল্ড ট্রাম্প ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাতিল করেছেন। অনেকে মনে করেন, এতে বাংলাদেশ লাভবান হবে। কেননা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম টিপিপির অংশীদার ছিল এবং এখন এটি বাতিল হওয়ায় বাংলাদেশ সুযোগ নিতে পারে। আপনার ধারণা কী?

ফিলিপ কুচারস্কি: কোনো চুক্তি বাতিল হলে কিংবা বাণিজ্য চুক্তি বাধাগ্রস্ত হলে সব সময়ই অন্যদের জন্য সুযোগ তৈরি হয়। টিপিপি ছিল পনেরোটি দেশের চুক্তি এবং তা বাতিল হওয়ায় সৃষ্ট শূন্যতা পূরণের সুযোগ বাংলাদেশের জন্য হয়েছে। তবে এ সুযোগ সবচেয়ে বেশি যে দেশটি নেবে সেটি হচ্ছে চীন। তারা সঠিক বার্তা নিয়ে ওই শূন্যতা পূরণের জন্য প্রস্তুত হয়েই ছিল। তবে এগুলো হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য অনিশ্চয়তা থেকেই গেল। সুবিধাবাদীরা হয়তো সুবিধা নিতে চাইবে, কিন্তু যারা বাণিজ্য করতে চায় তারাও বাণিজ্য করবে।

প্রথম আলো: বাংলাদেশে এটিই ছিল আপনার প্রথম সফর। ঢাকা ও বাংলাদেশ সম্পর্কে আপনি কী ধারণা পেলেন?

ফিলিপ কুচারস্কি: ব্যস্ত, অত্যন্ত ব্যস্ত জনজীবন। যেসব সংখ্যার কথা আমি শুনেছি—এই শহরের জনসংখ্যা এবং প্রবৃদ্ধির হার, এসব সংখ্যা প্রায় অবিশ্বাস্য। আমি ভারতের অনেক বড় শহরে গিয়েছি। কিন্তু ঢাকাকে আমার আরও বড় এবং ব্যস্ততম মনে হয়েছে।