
ভারতের অর্থনীতির উত্থান-পতন গত এক বছরে যাই ঘটুক না কেন, দেশটির ধনীদের সম্পদের খুব বেশি হেরফের হয়নি। এক বছর আগে দেশটির শীর্ষ ১০০ ধনীর যে সম্পদ ছিল, এ বছরও তাই। তবে ব্যক্তিগতভাবে দেশটির শীর্ষ ধনীদের সম্পদের কমবেশি হয়েছে।
ভারতীয় ১০০ শীর্ষ ধনী নিয়ে সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেশটির ধনীদের সম্পর্কে এসব তথ্য পাওয়া গেছে। ফোর্বস-এর এশীয় সংস্করণের চলতি অক্টোবর সংখ্যায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার ১ নম্বরে থাকা ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি এক বছরের ব্যবধানে ৪৭০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন। তারপরও তিনি তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছেন। এ নিয়ে নয় বছর ধরেই তিনি ভারতের শীর্ষ ধনী। বিপুল সম্পদ হারানোর পরও এবারের তালিকায় মুকেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু অবস্থান বদলেছে তালিকার অন্য অনেকের। শীর্ষ ধনী মুকেশের ছোট ভাই অনিল আম্বানি গতবারের ১৩ নম্বরের অবস্থান হারিয়ে এবারের তালিকায় জায়গা নিয়েছেন ২৯ নম্বরে।
ফোর্বস বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরপর দেশটির অর্থনৈতিক উন্নয়নে ভালো গতি এলেও এখন তা কিছুটা ধীর হয়ে এসেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে যাওয়ায় দেশটির শীর্ষ ১০০ ধনীর সম্মিলিত সম্পদ গত এক বছরে অপরিবর্তিত থেকে গেছে। তাদের সম্পদ এখন ৩৪ হাজার ৫০০ কোটি ডলারের।
তালিকায় প্রথম অবস্থানে থাকা রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানির সম্পদমূল্য কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০ কোটি ডলারে। এবারের তালিকার ২৯ নম্বরে থাকা তাঁর ভাই অনিল আম্বানির বর্তমান সম্পদমূল্য ৩৪০ কোটি ডলার।
এবারও দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছেন দেশটির ওষুধ ব্যবসায়ী দিলীপ সাংভি। তাঁর বর্তমান সম্পদমূল্য ১ হাজার ৮০০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন দেশটির তথ্যপ্রযুক্তি (আইটি) প্রতিষ্ঠান উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। তাঁর রয়েছে মোট ১ হাজার ৫৯০ কোটি ডলারের সম্পদ।
ব্যবসা-বাণিজ্যে গত একটি বছর ভালো কাটেনি দেশটির ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের। তাই তিনি নিজের অবস্থান হারিয়েছেন। গত বছর ৫ নম্বরে থাকলেও এবার তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮ নম্বরে। তাঁর সম্পদমূল্য ১ হাজার ১২০ কোটি ডলার।
মিত্তাল, আম্বানিদের জন্য খারাপ গেলেও বছরটা মন্দ কাটেনি প্রতিষেধক ব্যবসায়ী সাইরাস পুনাওয়ালার। ৮৯০ কোটি ডলারের সম্পদ নিয়ে ফোর্বস-এর তালিকায় এবার তিনি উঠে এসেছেন ৮ নম্বরে। গত বছর ছিলেন ১৩ নম্বরে। অর্থাৎ সম্পদ বাড়ায় পাঁচ ধাপ ওপরে উঠে গেছেন সাইরাস।
এবারের তালিকায় নতুন করে জায়গা পেয়েছেন ভারতীয় ১২ ধনকুবের। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে দুবাইভিত্তিক ব্যবসায়ী সুনীল ভাসওয়ানির। ২০০ কোটি ডলার সম্পদ নিয়ে তিনি তালিকার ৪৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। আর ই-কমার্সভিত্তিক ওয়েবসাইট ফ্লিপকার্টের মালিক শচীন বানসাল ও বিনি বানসালও এ বছর প্রথমবারের মতো ভারতের শীর্ষ ১০০ ধনীর তালিকায় স্থান পেয়েছেন। বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর সহ-প্রতিষ্ঠাতা রাকেশ গ্যাংওয়াল এবারই স্থান পেয়েছেন তালিকায়।
যোগাযোগ, জ্বালানি, প্রযুক্তি ও গণমাধ্যম খাতে ভারতের অন্যতম বৃহৎ বহুজাতিক কোম্পানি হিন্দুজা গ্রুপ ফোর্বস-এর এবারের তালিকার চতুর্থ স্থানে রয়েছে। চার ভাইয়ের মালিকানাধীন এই শিল্প গ্রুপটি ভারতের পাশাপাশি এশিয়ার শীর্ষ ১০ ধনী পরিবারের একটি। তাঁদের মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৪৮০ কোটি ডলার।
ভারতের আরেক বিখ্যাত ব্যবসায়ী পরিবার গোদরেজ গ্রুপ তালিকায় ৭ নম্বরে। গোদরেজ পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ১ হাজার ১৪০ কোটি ডলার।