সরেন্টো মডেলের নতুন গাড়ি এনেছে কিয়া মোটরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়া মোটরসের নতুন গাড়ি সরেন্টো স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি)। ছবি: রয়টার্স
কিয়া মোটরসের নতুন গাড়ি সরেন্টো স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি)। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান কিয়া মোটরস করপোরেশন বাজারে এনেছে নতুন মডেলের সরেন্টো স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গাড়ি। আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী সিউলে নতুন মডেলের এই গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী বছর এই মডেলের দুই লাখ ৭০ হাজার গাড়ি বিশ্বের বাজারে ছাড়া হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রধান বাজারগুলোর ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে।

কিয়া মোটরসের নতুন গাড়ি সরেন্টো স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি)। ছবি: রয়টার্স
কিয়া মোটরসের নতুন গাড়ি সরেন্টো স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি)। ছবি: রয়টার্স

আগামী বছরের প্রথমার্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও বিশ্বব্যাপী অন্য বাজারগুলোতে সরেন্টোর নতুন মডেলের গাড়ি ছাড়া হবে। যুক্তরাষ্ট্রে কিয়া মোটরসের এটি তৃতীয়-সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়ি। এর আগের অবস্থানে রয়েছে যথাক্রমে কিয়ার অপটিমা সেডান ও বক্সি সোল।

কিয়া মোটরস আরও জানিয়েছে, তারা আগামী বছর কেবল কোরিয়ায় সরেন্টো মডেলের ৫০ হাজার গাড়ি ছাড়বে। এ ছাড়া বিদেশের বাজারে দুই লাখ ২০ হাজার গাড়ি বিক্রি করতে চায় এই প্রতিষ্ঠান। পাঁচ বছরের মধ্যে এই প্রথম গাড়িটির মডেলে কিছুটা পরিবর্তন এনেছে কিয়া।