সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যানেত্তি ডিক্সন
অ্যানেত্তি ডিক্সন

বাংলাদেশকে অব্যাহত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানেত্তি ডিক্সন। তিনি বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশের যেসব খাতে সহায়তা প্রয়োজন, সেখানেই সহায়তা দেবে বিশ্বব্যাংক।
গতকাল সোমবার বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। উল্লেখ্য, এ বছরই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
অ্যানেত্তি ডিক্সন এমন এক সময়ে বাংলাদেশ সফর করেছেন, যখন বাংলাদেশের জন্য কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক তৈরি করছে বিশ্বব্যাংক। এ ফ্রেমওয়ার্ক সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে তৈরি হচ্ছে। বাংলাদেশ সফরকালে অ্যানেত্তি ডিক্সন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০১৬-২০ মেয়াদে বাংলাদেশকে কী ধরনের সহায়তা দেওয়া হবে, তা বিশ্বব্যাংক কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কে অন্তর্ভুক্ত থাকবে।
বিবৃতিতে অ্যানেত্তি ডিক্সন বলেন, প্রবৃদ্ধির অন্যতম চলক কর্মসংস্থানসহ বাংলাদেশের সব অগ্রাধিকার খাতে বিশ্বব্যাংক সহায়তা করবে। এ ছাড়া বিদ্যুৎ, পরিবহন, নগরায়ণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক।
বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন-সহযোগী হলো বিশ্বব্যাংক। বর্তমানে ৩৬টি প্রকল্পে সহায়তা করছে বিশ্বব্যাংক। এসব প্রকল্পে ৮৩০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বিশ্বব্যাংকের।