ভারতবাসীর ঘুম হারাম এক ঘোষণায়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঘোষণায় ৫০০ ও ১০০০ মূল্যমানের ‘মহামূল্যবান’ রুপি নিমেষেই ‘কাগুজে’ নোট হয়ে গেছে। তাই সকাল হতে না হতেই লোকজনের দৌড়ঝাঁপ এদিক-সেদিক। যাঁদের সবার একটাই উদ্দেশ্য, ‘নোটের’ বদল। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, মোদির ঘোষণায় তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
নরেন্দ্র মোদির আকস্মিক ঘোষণায় দেশটির বাজারে প্রচলিত মুদ্রার ৮৬ শতাংশই তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ভারতে মুদ্রার লেনদেনের ৮৬ শতাংশই হতো ৫০০ ও ১০০০ রুপির নোটে। ভোক্তা পর্যায়ের লেনদেনের ৯৮ শতাংশই এখনো নগদে হয়ে থাকে।
অনলাইন বা ই-কমার্স লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদির ঘোষণায় নগদ লেনদেনের চেয়ে অনলাইনে লেনদেনের পরিমাণ বাড়বে, যার ফলে লেনদেনে স্বচ্ছতাও বাড়বে।
গতকাল বুধবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে ট্রেনের টিকিট কাউন্টার, পেট্রলপাম্প, হাসপাতাল, স্বর্ণালংকারের দোকানে ছিল মানুষের দীর্ঘ লাইন। হাসপাতাল, পেট্রলপাম্পসহ জরুরি কিছু সেবার ক্ষেত্রে ৭২ ঘণ্টা পর্যন্ত বাতিল করা পুরোনো নোটে লেনদেনের সুযোগ দেওয়া হয়েছিল।
গত মঙ্গলবার রাতে মোদির আকস্মিক ঘোষণার পরপরই ভারতীয়দের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণায় গতকাল দেশটিতে সোনার দাম গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গতকাল প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৩১ হাজার ৭৫০ রুপিতে। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ১৯ নভেম্বর দেশটির বুলিয়ন মার্কেটে প্রতি ১০ গ্রাম সোনার দাম সর্বোচ্চ ৩১ হাজার ৮২০ টাকায় উঠেছিল বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
নরেন্দ্র মোদির ঘোষণার পরপরই মঙ্গলবার রাতে অনেকে ব্যাংকের এটিএমে (অটোমেটেড ট্রেলার মেশিন) ভিড় করতে শুরু করেন। কিন্তু বেশির ভাগ এটিএম থেকে অর্থ সংগ্রহ করতে পারেননি সাধারণ মানুষ। আবার ব্যাংক বন্ধ থাকায় ব্যাংক থেকেও নোট বদলের সুযোগ ছিল না। অনলাইন বা ই-কমার্স লেনদেনের ক্ষেত্রেও সাময়িকভাবে নগদে কেনাকাটা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মানুষের ভোগান্তি কমাতে চলতি সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধ, কালোটাকা, জাল নোট ও সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে নোট বাতিলের সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদি। এ উদ্যোগকে ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে দাবি করা হচ্ছে।
৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণার পাশাপাশি সেসব নোট পরিবর্তনের জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।