সারের ঘাটতিতে দরিদ্ররা ভুগবে খাদ্যসংকটে
সারের ঘাটতি বিশ্বে খাদ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। যা দরিদ্র দেশগুলোকে সংকটের সম্মুখীন করবে বলে মনে করেন নরওয়ের বৃহৎ রাসায়নিক সার কারখানা ইয়ারা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী স্ভেইন তোরে হোলসেথার। তিনি জানান, গ্যাসের উচ্চ দাম সার উৎপাদনের খরচ বাড়াচ্ছে এবং যা বিশ্বব্যাপী খাদ্যের দামকে প্রভাবিত করছে। সার উৎপাদনে বিপুল পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়।
হোলসেথার জানান, গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে ইয়ারা কিছু উৎপাদন কমাতে বাধ্য হয়েছিল, যার ফলে ঘাটতি দেখা দেয়। তিনি জানান, উন্নয়নশীল দেশগুলো এ ঘাটতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, ফসলের ফলন কমে যাবে এবং খাদ্যের দাম বেড়ে যাবে।
সম্প্রতি বিবিসির টুডে প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে হোলসেথার বলেন, ‘এটি সত্যিই ভীতিকর, আমরা একটি খাদ্যসংকটের সম্মুখীন হচ্ছি। দুর্বল মানুষেরা খুব কঠিনভাবে আঘাত পাচ্ছে। এটি সারা বিশ্বে খাদ্যের দামকে প্রভাবিত করছে এবং মানিব্যাগের ওপর প্রভাব পড়ছে। কিন্তু কিছু লোকের জন্য বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে, এটি শুধু মানিব্যাগ নয়, জীবন–মৃত্যুর প্রশ্ন। কম সারের অর্থ হলো উন্নয়নশীল দেশগুলোর কৃষকদের ফসল রোপণের দক্ষতা কমে যাওয়া, যার ফলে ফলন কম হবে।’
কৃষকেরা ভুট্টা, ক্যানোলো ও গমের মতো ফসল উৎপাদনের জন্য সারের ওপর নির্ভরশীল। কিন্তু সার উৎপাদন কমা মানে কৃষকেরা চাহিদামতো জমিতে ফসল রোপণ করতে পারবেন না। একপর্যায়ে ফসল পর্যাপ্ত পুষ্টি পাবে না। ফলে প্রত্যাশা অনুযায়ী ফলন আসবে না। জলবিদ্যুৎ বা প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করে অ্যামোনিয়া তৈরির প্রক্রিয়া। অ্যামোনিয়া অনেক সারের অন্যতম উপাদান। এই সংকট দেখা দিয়েছে মূলত গত কয়েক মাসে ধাপে ধাপে বিশ্বজুড়ে গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায়। এর বড় কারণ মহামারি করোনার ধাক্কা ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উপস্থিতি কমে যাওয়া, যেমন বৃষ্টি কম হওয়া।
ইয়ারা ইন্টারন্যাশনাল বিশ্বের যেকোনো কোম্পানির চেয়ে বেশি অ্যামোনিয়া উৎপাদন করে থাকে। গত বছরের তুলনায় ২৫৫ শতাংশ বেশি উৎপাদন করেছে তারা। তবে পরিস্থিতি এখন খুবই অস্থির। বড় পর্যায়ের দুর্ভিক্ষ এড়াতে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন হোলসেথার।
গত বছর ইয়ারা ৪০ হাজার টন সার দান করে। এর ফলে পূর্ব আফ্রিকার ছোট খামারগুলো পর্যন্ত তাদের ফসলের ফলন তিনগুণ বাড়াতে পেরেছিল। হোলসেথার জানান, এ উদাহরণ ফলনে সারের প্রভাব সম্পর্কে অনেক কিছুই বলে।