সার্ক ব্যাংক গঠন করার ভিত্তি তৈরি হয়েছে
এ সপ্তাহের সাক্ষাৎকার: আগামী ২৬ ও ২৭ নভেম্বর নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন। এই সম্মেলন সামনে রেখে দক্ষিণ এশিয়ার বাণিজ্য পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নেপালের বাণিজ্য ও সরবরাহমন্ত্রী সুনীল বাহাদুর থাপা

প্রথম আলো: এবারের সার্ক সম্মেলনে ২০২০ সালের মধ্যে দক্ষিণ এশীয় শুল্ক সংঘ (কাস্টম ইউনিয়ন) গঠনের বিষয়ে আলোচনা হবে। বর্তমান পরিস্থিতিতে এটা কতটা বাস্তবসম্মত?
সুনীল বাহাদুর থাপা: এটি একটি প্রস্তাব। সার্কের সব সদস্য দেশের শীর্ষ নেতৃত্ব ভেবেচিন্তে এটি চূড়ান্ত করবেন। তবে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবার আছে। মনে রাখতে হবে, ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক সংকট দেখা দিলে তার তেমন নেতিবাচক প্রভাব এশিয়ায় পড়েনি, দক্ষিণ এশিয়ার ওপরও পড়েনি। দক্ষিণ এশিয়া অনেকটাই নিরাপদ ছিল ও আছে। তবে বিশ্ব অর্থনীতির ধীরগতির প্রভাব কিছুটা রয়েছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য এখনো অনেক কম। আর তাই সাফটা (দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য এলাকা) চুক্তির বাস্তবায়নও ধীর। আছে নানা ধরনের অশুল্ক প্রতিবন্ধকতা। এ বিষয়গুলোয় অগ্রগতি সাধন করতে হবে।
প্রথম আলো: বরাবরই বলা হয় যে দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সম্পৃক্ততায় প্রধান বাধা এলে রাজনৈতিক অনীহা ও পারস্পরিক আস্থার অভাব। এবারের সার্ক সম্মেলনে রাজনৈতিক সদিচ্ছার কতটা প্রতিফলন আমরা দেখতে পাব?
সুনীল থাপা: এবারের সার্ক সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক পালাবদল হয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে নির্বাচিত নতুন সরকার এসেছে। এর একটি ইতিবাচক প্রভাবও আমরা ইতিমধ্যে লক্ষ করেছি। গত জুলাই মাসে সার্কের বাণিজ্যমন্ত্রীরা ভুটানে যে বৈঠক করেন, সেখানে সবার মধ্যেই বিশেষ উৎসাহ লক্ষ করা গেছে। আমরা সবাই একমত হয়েছি যে বাণিজ্য সম্প্রসারণ করা না গেলে, পরস্পরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো না গেলে এই অঞ্চলের উন্নতি হবে না। সার্ক নেতারা এখন এটা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছেন যে শান্তি ও অগ্রগতির স্বার্থে পরস্পরকে একযোগে কাজ করতে হবে। এ জন্য রাজনৈতিক এজেন্ডার চেয়ে অর্থনৈতিক এজেন্ডাকে বেশি প্রাধান্য দিতে হবে।
প্রথম আলো: জুলাই মাসেই ব্রিকস ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তারপরই সার্ক বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে সার্ক ব্যাংক গঠনের বিষয়টি আলোচিত হয়েছে। এটি কতটা সম্ভব হবে?
সুনীল থাপা: দক্ষিণ এশিয়ার নেতারা সুদূর ব্রাজিলে যেতে পারেন উন্নয়নশীল দেশগুলোর জন্য ব্যাংক গঠন করতে। তাহলে তাঁরা কেন এই অঞ্চলের জন্য ব্যাংক গঠন করতে পারবেন না? আমি মনে করি, এটা গঠন করা সম্ভব, গঠন করা উচিত। এটির প্রয়োজনীয়তাও আছে। কেননা, সার্ক দেশগুলোর অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। একটি আঞ্চলিক ব্যাংক থাকলে এই অর্থায়ন সহজ হবে। ইতিমধ্যে সার্ক উন্নয়ন তহবিল গঠিত হয়েছে। আবার সার্ক ফিন্যান্স ব্যবস্থা রয়েছে, যেখানে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবেরা নিয়মিত যোগাযোগ রক্ষা করেন। অর্থাৎ সার্ক ব্যাংক গঠনের একধরনের ভিত্তি ইতিমধ্যেই আছে। তবে তা আরও জোরদার করতে হবে। আসলে দক্ষিণ এশিয়া একটি সম্পদশালী অঞ্চল। এখানে আছে প্রচুর প্রাকৃতিক ও খনিজ সম্পদ। এসব সম্পদের যৌথ সদ্ব্যবহার করা গেলে এখনকার দারিদ্র্য অল্প সময়ের মধ্যেই কমে আসবে।
প্রথম আলো: আঞ্চলিক সম্পৃক্ততার কথা তো বলা হচ্ছে অনেক দিন ধরে। এ ক্ষেত্রেও তেমন অগ্রগতি হয়নি। এটা কেন?
সুনীল থাপা: আমরা এখন বৈশ্বিক গ্রামে বাস করছি। তার মানে পরস্পর পরস্পরের খুব কাছাকাছি। এ জন্য যোগাযোগ ও সম্পৃক্ততা ক্রমেই গুরুত্ব পাচ্ছে। দক্ষিণ এশিয়ায় তাই ট্রানজিট-ট্রানশিপমেন্ট বা করিডর প্রবর্তন করার কোনো বিকল্প নেই। এটা ঠিক, এ নিয়ে অনেক দিন ধরে আলাপ-আলোচনা হচ্ছে। কিছু অগ্রগতিও হয়েছে। বাংলাদেশ এখন ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দিতে আগ্রহী। নেপাল যদি বাংলাদেশে মংলা বন্দর বা ভুটান যদি চট্টগ্রমা বন্দর ব্যবহার করতে পারে, তাহলে দেশগুলোর ব্যবসা-বাণিজ্যে গতিময়তা আরও বাড়বে।
প্রথম আলো: সম্প্রতি নেপালের যে উন্নয়নযাত্রা, তা এশিয়ার দুই বিরাট অর্থনীতি চীন ও ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ার ফলে সম্ভব হচ্ছে। আপনি কী এ বিষয়ে একটু বলবেন।
সুনীল থাপা: এটা ঠিক যে নেপাল এখন চীনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। ভারতের সঙ্গে বরাবরই যোগাযোগ ভালো ছিল, এখনো আছে। ভৌগোলিক অবস্থানগত কারণেই এটা হয়েছে। এতে নেপালের অর্থনীতিও উপকৃত হচ্ছে। চীনের সঙ্গে পরিবহনব্যবস্থা ভালো।
প্রথম আলো: বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের অগ্রগতি নিয়ে কী বলবেন?
সুনীল থাপা: প্রথমেই বলতে চাই যে বাংলাদেশে যে দ্রুতগতিতে এগিয়ে চলেছে, তাতে বন্ধুদেশ হিসেবে আমরা মুগ্ধ। বাংলাদেশের এগিয়ে চলা আমাদেরও উৎসাহিত করে। আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। সার্ককে অধিক কার্যকর করতে বাংলাদেশ বরাবরই সক্রিয় ভূমিকা রেখে আসছে।
প্রথম আলো: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বালি ঘোষণা বাস্তবায়নে বাধা তৈরি হয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়কারী হিসেবে নেপাল বিষয়টি কীভাবে দেখছে?
সুনীল থাপা: গত বছর ডিসেম্বর মাসে বালি সম্মেলন প্রায় ব্যর্থ হতে বসেছিল। তবে ডব্লিউটিওর নতুন মহাপরিচালক রবার্তো আজেভেদোর সর্বাত্মক প্রচেষ্টায় শেষ পর্যন্ত একটা ঘোষণা আসে। এর ফলে কৃষি ভর্তুকি, বাণিজ্য সহজীকরণ ও স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে কিছু অগ্রগতি হওয়ার কথা। এটাতেও সময় লাগছে। স্বাভাবিকভাবেই স্বল্পোন্নত দেশগুলো কিছুটা হতাশ। কেননা, এককভাবে আমাদের বিষয়ে কোনো অগ্রগতি হবে না। যা হওয়ার গুচ্ছ আকারেই হতে হবে। তবে আমরা আশাবাদী যে এ বছরই বালি ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে একটা ইতিবাচক পদক্ষেপ দেখব।
{ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এলে গত রোববার (২৬ অক্টোবর) এই সাক্ষাৎকারটি নেন আসজাদুল কিবরিয়া}