সিঙ্গাপুরে এশীয় বিনিয়োগ সম্মেলন সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে দি সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হুসেইন (বাঁয়ে) ও স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার l প্রথম আলো
সংবাদ সম্মেলনে দি সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হুসেইন (বাঁয়ে) ও স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার l প্রথম আলো

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে বিদেশি উদ্যোক্তাদের সামনে তুলে ধরতে আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশীয় বিনিয়োগ সম্মেলন’।
ফাইন্যান্স এশিয়ার সহযোগিতায় বেসরকারি বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও দেশীয় দি সিটি ব্যাংক যৌথভাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের সম্মেলনে সরকারি প্রতিনিধি, বহুজাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান, ঋণমান যাচাইকারী সংস্থা, পত্রকোষ (পোর্টফোলিও) ব্যবস্থাপক ও সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা মিলিয়ে ৩০০ জনের মতো প্রতিনিধি যোগ দেবেন।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন দুই আয়োজক প্রতিষ্ঠান স্ট্যানচার্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার ও দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন।
শীর্ষ এ দুই ব্যাংকার জানান, সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ ক্ষেত্রগুলোর পাশাপাশি বিদ্যমান আইন-কানুনসমূহ তুলে ধরা হবে। কেন বাংলাদেশে বিনিয়োগ লাভজনক ও নিরাপদ, সেই বার্তাটিও দেওয়া হবে সম্ভাব্য বিনিয়োগকারীদের। পাশাপাশি কোন কোন খাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিপুল সম্ভাবনা আছে, তা-ও তুলে ধরা হবে।
সোহেল আর কে হুসেইন বলেন, সীমিত পর্যায়ে হলেও এই বিনিয়োগ সম্মেলন থেকে সুফল মিলতে শুরু করেছে। সিটি ব্যাংক গত বছর বিভিন্ন প্রকল্পে ১৫০ কোটি ডলার অর্থায়ন করেছে।
আবরার আনোয়ার জানিয়েছেন, গত কয়েক বছরে স্ট্যানচার্ট বিভিন্ন প্রকল্পে ৩০০ কোটি ডলার অর্থায়ন করেছে।