সিঙ্গাপুরে প্রযুক্তি খাতে রাষ্ট্রীয় তহবিলের বিনিয়োগ বাড়ছে
সিঙ্গাপুরে জিআইসি ও তেমাসেক নামে দুটি সার্বভৌম সম্পদ তহবিল গত এক বছরে রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট প্রতিষ্ঠান হিসেবে দেশটির প্রযুক্তি, টেলিযোগাযোগ ও ই-কমার্স খাতে সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে আবির্ভূত হয়েছে।
জিআইসি ও তেমাসেক গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রযুক্তি, টেলিযোগাযোগ ও ই-কমার্স খাতে ২৪টি প্রকল্পে মোট ৩১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৮০০ কোটি টাকা। এই অর্থ বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পের বাজেটের সমান।
সিঙ্গাপুরে ব্যবসায়রত একই ধরনের বিদেশি প্রতিষ্ঠানগুলোর ২০ কোটি ডলারের বিনিয়োগকে ছাড়িয়ে গেছে জিআইসি ও তেমাসেক। এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী সভরেন ওয়েলথ ফান্ড বা রাষ্ট্রীয় সম্পদ তহবিল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সভরেন ওয়েলথ সেন্টার (এসডব্লিউসি)।
লন্ডনভিত্তিক এসডব্লিউসির পরিচালক ভিক্টোরিয়া বারবারি বলেন, ‘রাষ্ট্রীয় সব সম্পদ তহবিল এখন প্রতিযোগিতামূলক সুবিধা কাজে লাগাতে চায়। আমার ধারণা, জিআইসি-তেমাসেকও বিশ্বাস করে যে তারাও এ ধরনের সুবিধা কাজে লাগাতে পারে।’
এশিয়া এখন প্রযুক্তি খাতে পুঁজি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠছে। এই অঞ্চলের রাষ্ট্রীয় সম্পদ তহবিলগুলো সরাসরি প্রযুক্তি খাতের নতুন কোম্পানিগুলোতে বিনিয়োগ করছে। এর ফলে পশ্চিমা দুনিয়ার প্রাইভেট ইকুইটি বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তথা বিনিয়োগ ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পুঁজি সংগ্রহ করার চেয়ে স্থানীয় সম্পদ তহবিল থেকে অর্থ নেওয়ার প্রবণতা বাড়ছে।
জিআইসির প্রধান বিনিয়োগ কর্মকর্তা লিম চৌ কিয়াত বলেন, ‘বিনিয়োগের নতুন কাঠামো গড়ে তোলার ফলে আমাদের একটি বিশেষজ্ঞ দল তৈরি হয়েছে। এর বদৌলতে আমরা কোম্পানিগুলোকে নমনীয় উপায়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের পাশাপাশি ব্যবসায়িক সলিউশনস বা সমাধানও দিতে পারছি।’
অন্যদিকে সিঙ্গাপুরে ব্যবসায়রত বিদেশি সম্পদ তহবিলগুলো একই সময়ে ওই সব খাতে মাত্র পাঁচটি প্রকল্পে ২১ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ করেছে।
সিঙ্গাপুরের রাষ্ট্রীয় সম্পদ তহবিল হিসেবে জিআইসির যাত্রা শুরু হয় ১৯৮১ সালে। তখন এই তহবিলের পরিমাণ ছিল ১০ হাজার কোটি ডলার। এটি সাধারণত সিঙ্গাপুরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত ব্যবস্থাপনার পাশাপাশি সম্পদ, স্থায়ী আয়, জমি ও প্রাইভেট ইকুইটি বা মূলধনের অংশীদারত্বে বিনিয়োগ করে থাকে।
আর তেমাসেক প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে, রাষ্ট্রমালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে। এই প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের ৭০ শতাংশই হয়েছে সম্পদে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস