সিরাজউদ্দৌলার স্মৃতিবিজড়িত মোতিঝিলে মুক্তার চাষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে বাণিজ্যিকভাবে মুক্তার চাষ শুরু হচ্ছে। সিরাজউদ্দৌলাসহ বাংলার নবাবদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মোতিঝিলে আগামী পয়লা জানুয়ারি মুক্তা চাষের উদ্বোধন করা হবে।
এখানে যে মুক্তো উৎপাদিত হবে, তার নামকরণও হয়ে গেছে। এটির নাম দেওয়া হয়েছে ‘মুর্শিদাবাদ পার্লস’ বা ‘মুর্শিদাবাদের মুক্তা’। পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তরের দুই কর্মকর্তা ও চার মৎস্যজীবীকে ইতিমধ্যে মুক্তা চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচারে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
মুর্শিদাবাদে উৎপাদিত মুক্তা আগামী বছরেই বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে। মুর্শিদাবাদের জেলা প্রশাসক ওয়াই রত্নাকর রাও বলেছেন, ‘পর্যটন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এই প্রথম পশ্চিমবঙ্গে মুক্তা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এক বছরের মধ্যে মুর্শিদাবাদের মুক্তাও বাজারে ছাড়া যাবে।’
এর আগে গত ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে মোতিঝিলে মুক্তা চাষের প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। তাঁর সেই ঘোষণা অনুযায়ীই মোতিঝিলে ৫০ বিঘা আয়তনের ঝিল চিহ্নিত করা হয়। নবাবি আমলে মুর্শিদাবাদের লালবাগ মহকুমার এই মোতিঝিলে মুক্তা চাষ হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি প্রায় ভরে এসেছিল। সে জন্য ঝিলটির গভীরতা বাড়ানোসহ সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।
মুক্তা চাষের জন্য মৎস্যজীবীদের কাছ থেকে কেনা হবে ঝিনুক। প্রতিটি ঝিনুক কেনা হবে এক রুপি দামে। প্রতি বিঘায় সাড়ে ৬ শ করে মোট ৩২ হাজার ৫০০ ঝিনুক ১০ মাস মোতিঝিলের পানিতে ডুবিয়ে রাখা হবে। তা থেকে ২৫ হাজার মুক্তা মিলতে পারে বলে আশা করা হচ্ছে।