সিরীয় ব্যবসায়ীকে বর্জন করল ব্রিটিশ ব্যাংক বার্কলেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াফিক সাইদ
ওয়াফিক সাইদ

যুক্তরাজ্যের বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস সিরীয় বংশোদ্ভূত ধনাঢ্য ব্যবসায়ী, লোকহিতৈষী ও অস্ত্র ব্যবসায়ের সাবেক মধ্যস্থতাকারী বা দালাল ওয়াফিক সাইদের সঙ্গে আর কোনো ব্যাংকিং কার্যক্রম করবে না।
‘উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশগুলোর সঙ্গে ওয়াফিকের বার্কলেস ব্যাংকের অ্যাকাউন্ট বা হিসাবগুলোর সংযোগ রয়েছে—এমন ধারণা থেকেই তাঁকে বর্জনের সিদ্ধান্ত নেয় ব্যাংকটি। খবর বিবিসি ও ডেইলি মেইল-এর।
এদিকে ওয়াফিক সাইদ শুক্রবার এক বিবৃতিতে জানান, তিনি বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবেন।
ওয়াফিক সাইদ কমপক্ষে ২০ বছর ধরে বার্কলেসের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর নামে গঠিত সাইদ ফাউন্ডেশন অক্সফোর্ডের একটি বিজনেস স্কুলসহ বিভিন্ন মানবহিতৈষী কর্মকাণ্ডে দান করে থাকে। সাইদ যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি বা রক্ষণশীল দলকে গত চার বছরে ৫ লাখ ৮০ হাজার ব্রিটিশ পাউন্ড চাঁদা দিয়েছেন।
সিরিয়ার সঙ্গে সাইদ ও তাঁর ফাউন্ডেশনের শক্তিশালী আর্থিক সংযোগ রয়েছে। যেমন তাঁর পরিবার হচ্ছে সিরিয়ার সবচেয়ে বড় ব্যাংকগুলোর একটির শেয়ারধারী। এ ছাড়া বাশার আল-আসাদের পরিবারের সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে।
বর্তমানে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় অর্থ স্থানান্তর কিংবা সেই দেশ থেকে আসা অর্থ গ্রহণ—দুটো কার্যক্রমই কোনো ব্যাংকের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। কারণ দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে ২০১৪ সালে নিষেধাজ্ঞা অমান্য করে সুদান, কিউবা ও ইরানের সঙ্গে আর্থিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ফরাসি ব্যাংক বিএনপি পরিবাসকে ৯০০ কোটি ডলার জরিমানা করেছিল যুক্তরাষ্ট্র।