সুদহার কমানোর টোটকাও কাজে লাগছে না চীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের শেয়ারবাজারে টানা দরপতন চলছে। এমন অবস্থায় সাংহাই স্টক এক্সচেঞ্জের একটি সিকিউরিটিজ হাউসে একজন বিনিয়োগকারী গতকাল বুধবার শেয়ারের দাম হিসাব করে দেখছেন l ছবি: এএফপি
চীনের শেয়ারবাজারে টানা দরপতন চলছে। এমন অবস্থায় সাংহাই স্টক এক্সচেঞ্জের একটি সিকিউরিটিজ হাউসে একজন বিনিয়োগকারী গতকাল বুধবার শেয়ারের দাম হিসাব করে দেখছেন l ছবি: এএফপি

চীন নীতিনির্ধারণী সুদহার কমিয়েও শেয়ারবাজারের পতন ঠেকাতে পারছে না। দেশটির প্রধান শেয়ার সূচক গতকাল বুধবার আরও ১ দশমিক ২৭ শতাংশ কমেছে। এতে সাংহাই সমন্বিত সূচক ২ হাজার ৯২৭ পয়েন্টে নেমে এসেছে। এ নিয়ে চলতি সপ্তাহে সূচকটি ১৬ শতাংশ কমল।
এদিকে ইউরোপের শেয়ারবাজার মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর পরদিন গতকাল আবার পতনের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, চীনা শেয়ারবাজারের বিপর্যয়ের কারণেই মূলত বিশ্বের বড় বড় শেয়ারবাজারগুলোতে আতঙ্ক কাটছে না।
বিশ্ব পুঁজিবাজারের সঙ্গে বাংলাদেশের শেয়ারবাজারের কোনো সম্পর্ক নেই। সুতরাং আন্তর্জাতিক শেয়ারবাজারে বড়-ছোট যেকোনো ধরনের উত্থান বা পতন কোনোটার প্রভাবই বাংলাদেশের ওপর পড়ে না।
চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না শেয়ারবাজারে বিপর্যয় ঠেকাতে ও অর্থনীতিকে চাঙা করে তুলতে মঙ্গলবার নীতিনির্ধারণী সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনে। এর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কম সুদে ঋণ নিতে পারবে। বদৌলতে ওই সব ব্যাংক থেকে ব্যবসায়ীরা তুলনামূলক কম সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। কিন্তু তাতে তেমন কাজ হয়নি। কারণ নতুন সুদহার কার্যকর হওয়ার প্রথম দিনে গতকাল বিনিয়োগকারীদের মধ্যে আস্থার ভাব দেখা যায়নি। গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত দেশটি পাঁচবার নীতিনির্ধারণী সুদহার কমিয়েছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান শেয়ারবাজারগুলোতে গতকাল মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ২ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি ২ দশমিক ৬ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে হংকংয়ের হ্যাংসেং সূচক এদিন ১ দশমিক ৫২ শতাংশ কমেছে।
ভারতের প্রধান দুটি সূচক সেনসেক্স ও নিফতি গতকাল যথাক্রমে ৩১৮ ও ৮৯ পয়েন্ট কমেছে।
গতকাল লন্ডনের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। প্রায় একই হারে কমেছে প্যারিসের সিএসি ৪০ ও ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক।
সময়ের বিশাল ব্যবধানের কারণে গত রাতে এই লেখা তৈরি করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে গতকালের লেনদেন শুরু ও সূচকের ওঠা-নামার তথ্য জানা যায়নি। তবে আগের দিন সেই দেশের ডাউ জোন্স সূচক ১ দশমিক ২৯ শতাংশ ও নাসড্যাক সূচক শূন্য দশমিক ৪৪ শতাংশ কমেছে।
বিশ্লেষকেরা অবশ্য মনে করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী বৈঠক পর্যন্ত শেয়ারবাজারের অস্থিরতা দীর্ঘায়িত হতে পারে। আগামী মাসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চীনসহ এশিয়া, ইউরোপ, ও আমেরিকার বড় বড় পুঁজিবাজারগুলোতে গত সোমবার ব্যাপক ধস নামে, যেটাকে বিশ্ব গণমাধ্যমগুলো ‘ব্ল্যাক মানডে’ বা কালো সোমবার বলে উল্লেখ করেছে। কারণ, এর আগে ১৯৮৭ সালের ১৯ অক্টোবর সোমবারও বিশ্ব পুঁজিবাজারে বড় ধস নেমেছিল, যা কালো সোমবার নামে পরিচিতি পায়।
সূত্র: বিবিসি ও এএফপি।