অবশেষে যুক্তরাষ্ট্রও সুর পাল্টে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) গঠনের চীনা উদ্যোগে শরিক হতে চলেছে।
ওবামা প্রশাসন বর্তমান আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকগুলো থেকে এআইআইবিতে অর্থায়নের প্রস্তাব দিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
অথচ এর আগে পশ্চিমা ধনী মিত্ররা যখন কিছু দিন ধরে এক এক করে এআইআইবিতে যোগ দেওয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্ত ঘোষণা করছিল, তখন যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়ে আসছিল।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পাশাপাশি বিশ্বব্যাংক আর এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) ইতিমধ্যে এআইআইবি গঠনের চীনা উদ্যোগে সমর্থন দিয়েছে। এই তিনটি সংস্থায় বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম ধনী দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র ও জাপানের শেয়ার বেশি থাকার কারণেই মূলত চীন নতুন আঞ্চলিক ব্যাংকটি গঠনে মাঠে নামে।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক আন্ডার সেক্রেটারি নাথান শিটস জানিয়েছেন, তাঁরা নতুন আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান গঠনের উদ্যোগকে স্বাগত জানাবে।
চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি চায়না ডেভেলপমেন্ট ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আইএমএফের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে জানান, তাঁর সংস্থা এআইআইবিকে সহযোগিতা করতে আগ্রহী।
একইভাবে নতুন আন্তর্জাতিক ব্যাংক গঠনের উদ্যোগের প্রতি আস্থা প্রকাশ করেন এডিবির প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও।
চীনের পাশাপাশি বাংলাদেশসহ ২৭টি দেশ আইবির প্রতিষ্ঠাতা সদস্য। তবে এই উদ্যোগে ইতিমধ্যে ৩০টির বেশি দেশ সমর্থন জানিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড এআইআইবির সদস্য হওয়ার জন্য আবেদন করেছে।
এআইআইবির সদস্য পদের জন্য আবেদন করার শেষ দিন ৩১ মার্চ। চলতি ২০১৫ সাল শেষ হওয়ার আগেই এই সংস্থার কার্যক্রম শুরু করতে চায় চীন।
যুক্তরাষ্ট্র শুরু থেকেই এ উদ্যোগের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে আসছে। মিত্রদেশগুলোর এআইআইবিতে যোগ দেওয়ারও সমালোচনা করে দেশটি।
এই ব্যাংকে যোগ না দেওয়ার ব্যাপারে এখনো অটল রয়েছে এশিয়ায় চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী জাপান। সেই সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই এ ব্যাংক গঠনের কথা বলছে চীন। নতুন এ ব্যাংক গঠনের উদ্যোগ শুরু হয়েছিল ২০১৪ সালে। এর প্রাথমিক তহবিলের পরিমাণ ধরা হয়েছে পাঁচ হাজার কোটি ডলার।