সুস্পষ্ট প্রতিশ্রুতি চায় এলডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলনের প্রথম দিন গত মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা l ছবি: ডব্লিউটিওর ওয়েবসাইট
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলনের প্রথম দিন গত মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা l ছবি: ডব্লিউটিওর ওয়েবসাইট

বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য স্বার্থ নিশ্চিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশকে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। কেনিয়ার নাইরোবিতে চলমান বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল বুধবারের প্রথম কর্ম অধিবেশনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ আহ্বান জানান।
উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা সুস্পষ্ট প্রতিশ্রুতি চাই। “দেওয়ার” ইচ্ছা প্রকাশ আমাদের কোনো সহায়তা করে না।’
বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়কের দায়িত্বও পালন করছেন এবং সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ারপারসন এবং কেনিয়ার বাণিজ্য ও বৈদেশিক সম্পর্কবিষয়ক মন্ত্রী আমিনা মোহমেদ।
তোফায়েল আহমেদ হতাশা প্রকাশ করে বলেন, বিশ্ব বাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোর হিস্যা মাত্র ১ দশমিক ২৪ শতাংশ। এ ছাড়া এলডিসি সদস্যদের জন্য শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।
গত মঙ্গলবার শুরু হয় চার দিনের এই সম্মেলন। এতে ডব্লিউটিওর ১৬২টি সদস্য দেশের প্রায় ৬০০ সরকারি-বেসরকারি প্রতিনিধি অংশ নিচ্ছেন। আফ্রিকার কোনো দেশে এটাই ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন।
এবারের সম্মেলনে মূলত আলোচ্য বিষয় চারটি। এগুলো হলো: কৃষি ও খাদ্যনিরাপত্তা; ডব্লিউটিওর বিভিন্ন চুক্তিতে স্বচ্ছতার উদ্যোগ; স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা এবং স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) বিশেষ কিছু ইস্যু। এসব নিয়েই বিভিন্ন দেশের প্রতিনিধিরা মত দেবেন এবং ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন। এ ছাড়া ডব্লিউটিওর বাণিজ্যমন্ত্রী সম্মেলনে এবারই প্রথম লাইবেরিয়া ও আফগানিস্তানের জন্য বিশেষ অধিবেশন রয়েছে। দেশ দুটিকে এবারে ডব্লিউটিওর সদস্য করা হতে পারে।
প্রথম দিনের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ডব্লিউটিওর মহাপরিচালক বরার্তো আজেভেদো বলেন, ‘ইস্যুগুলোকে যথাসম্ভব এগিয়ে নিতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তবে বেশ কিছু ইস্যু রয়েছে, যেগুলো এগিয়ে নেওয়া বেশ কঠিন। অনেক ইস্যুর অগ্রগতি প্রায় অসম্ভব। তবু আমরা বেশ আশাবাদী।’
উদ্বোধনী অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে সম্মেলনে বহুপক্ষীয় সমঝোতার মাধ্যমে একগুচ্ছ বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে। এসব চুক্তি হলে বিশ্বের গরিব মানুষ উপকৃত হবে, বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধিও বাড়বে। এ রকম সফলতায় ১০১৫ সাল শেষ হবে।
ওই অনুষ্ঠানে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেন, ‘মানবতার যে সমস্যা চলমান রয়েছে, সেটাকে সামনে রেখে এ বছর আমরা সবাই অতুলনীয় সহযোগিতা দেখাচ্ছি। গত সেপ্টেম্বরে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) গৃহীত হয়েছে। সম্প্রতি প্যারিসে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চুক্তি হয়েছে। এগুলোই নাইরোবিতে একটি সফল সমঝোতার অনুপ্রেরণা জোগাচ্ছে।’ তিনি সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের কাছে আশা করেন, তাঁরা পারস্পরিক লাভবান হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেবেন।
ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রতি একটি সমঝোতা চুক্তির ব্যাপারে বেশি নজর দেওয়ার আহ্বান জানান। আর সেই চুক্তি থেকে যেন ডব্লিউটিওর সদস্যরা, বিশেষ করে এলডিসি সুবিধা পায়-এমন আশাবাদই ব্যক্ত করেন তিনি।
প্যারিসে জলবায়ুসংক্রান্ত চুক্তির উদাহরণ টেনে আজেভেদো বলেন, ‘আমরা সেখানে ঐক্যবদ্ধ এক পৃথিবী দেখেছি, যা নাইরোবি সম্মেলনে বিশ্ব বাণিজ্য নিয়েও সুখবর আনার অনুপ্রেরণা দেবে।’ তিনি মনে করেন, কেনিয়া সম্মেলন হলো একটি মঞ্চ। এখন সবাইকে ‘দেওয়া’র সময় এসেছে।
সূত্র: ডব্লিউটিওর ওয়েবসাইট