সেপ্টেম্বরে বিদায় নিচ্ছেন রঘুরাম রাজন

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর হিসেবে নিজের মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছেন রঘুরাম রাজন। দেশটির বিভিন্ন গণমাধ্যম গতকাল রোববার তাঁকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর দায়িত্ব নেন রঘুরাম রাজন। আগামী ৪ সেপ্টেম্বর তাঁর প্রথম দফার মেয়াদ শেষ হবে। প্রথম দফায় মেয়াদ শেষের পর আরবিআইয়ের গভর্নর পদে তিনি ফিরবেন কি না, সেটা নিয়ে কিছুদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল।
আরবিআইয়ের কর্মীদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে গতকাল রোববার রঘুরাম রাজন বলেন, ‘দ্বিতীয় দফায় গভর্নর পদের দায়িত্ব আর নিতে চাই না। আগামী ৪ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার পর ফিরে যাব শিক্ষকতা ও গবেষণার জগতে। সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
রঘুরাম রাজনের সিদ্ধান্তের বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘বিশ্বের অন্যতম দক্ষ অর্থনৈতিক চিন্তাবিদকে আমরা খোয়ালাম। এটা দেশের জন্য দুঃখজনক। সরকারের জন্যও।’
রাজনের চিঠির পর ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইটার ও ফেসবুকে লেখেন, ‘রঘুরাম রাজন শিক্ষাজগতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সরকার তাঁর কাজকে সাধুবাদ ও তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে। তাঁর উত্তরসূরির বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত হবে।’ টাইমস অব ইন্ডিয়া।