সৌদি আরব পাঁচ বছরেই দেউলিয়া হবে: আইএমএফ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতি তথা ধনী দেশ সৌদি আরব আগামী ২০২০ সালের মধ্যে দেউলিয়া হয়ে পড়তে পারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক পূর্বাভাস নামক সর্বশেষ আঞ্চলিক প্রতিবেদনে এভাবেই দেশটিকে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার যদি বর্তমান নীতিমালা অব্যাহত রাখে, তাহলে দেশটি আগামী পাঁচ বছরে ব্যাপক হারে আর্থিক সম্পদ খুইয়ে ফেলবে।
বক্তব্যটির সমর্থনে আইএমএফের যুক্তি হলো, চলতি ২০১৫ সালে সৌদি আরবের বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২১ দশমিক ৬ শতাংশ। এই হার ২০১৬ সালে সামান্য কমবে, তবে থাকবে ১৯ দশমিক ৪ শতাংশে। সে জন্য দেশটির এখন ব্যয় সমন্বয়ে জোর দেওয়া দরকার।
আইএমএফের মতে, আঞ্চলিক সংঘাত ও জ্বালানি তেলের দাম কমে যাওয়াসহ কিছু কারণে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ মূলধারার বাইরে চলে যাচ্ছে।
দুবাইয়ে প্রতিবেদনটি প্রকাশের পরে আইএমএফের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক মাসুদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোর জন্য মধ্য মেয়াদে রাজস্ব খাতে স্থিতিশীলতা অর্জন করা হবে খুবই চ্যালেঞ্জের। ... বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে শুধু চলতি বছরেই এ অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোর আয় ৩৬ হাজার কোটি ডলার কম হবে।’
তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর ইতিমধ্যে জ্বালানি তেলের দাম কমার নেতিবাচক প্রভাব পড়েছে।
সৌদি আরবের মোট রাজস্ব আয়ের ৮০ শতাংশই আসে তেল রপ্তানি থেকে। এ জন্য সৌদি সরকারকে ব্যয় কমানো ও প্রকল্প বাস্তবায়নে বন্ধ বা দেরি করার দিকে ঝুঁকতে হচ্ছে। কারণ গত জানুয়ারি থেকে আগস্টের মধ্যে দেশটির বিদেশি সম্পদের প্রকৃত মূল্য ৮ হাজার ২০০ কোটি ডলার কমেছে। সূত্র: প্রেসটিভি