স্বর্ণ ব্যবসায় এগিয়ে আসছেন ভারতের ব্যবসায়ীরা

সোনার ব্যবসায় এগিয়ে আসছেন ভারতের এমন সব ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাঁরা আগে এই ব্যবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন না। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রতিবেদনে বলা হয়, ২৯ শতাংশ খুচরা ব্যবসায়ী যারা স্বর্ণের ব্যবসা করতেন, তাঁরা এখন এই ব্যবসায় এগিয়ে আসছেন।
গত ২৩ এপ্রিল এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রায় ১২ হাজার খুচরা ব্যবসায়ীর ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউজিসি। এর মধ্যে ২ হাজার ২৮৫ জনই ভারতীয় ব্যবসায়ী। শহর ও গ্রামের সব ধরনের বিনিয়োগকারীদের নিয়েই এই জরিপ চালানো হয়। ভারতের বিনিয়োগকারীদের মধ্যে ১ হাজার ৫ জন গ্রামীণ বিনিয়োগকারি ও ১ হাজার ২৮০ জন শহুরে বিনিয়োগকারী ছিলেন।
সমীক্ষা অনুসারে, ভারতীয় নাগরিকদের শীর্ষ পাঁচটি বিনিয়োগের মধ্যে সোনার গহনা এবং সোনার কয়েন অন্যতম। জরিপের পিছনে মূল লক্ষ্য ছিল সোনার বাজার সম্পর্কে ধারণা পাওয়া। খুচরা বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ নিয়ে কীভাবে ভাবছে, তারা কীভাবে বিনিয়োগ করে এবং হলুদ ধাতুটি কি তাদের বিনিয়োগের উদ্দেশ্য পূরণ করতে পারছে—এই বিষয়ে গবেষণা করা। লাইভ মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্বর্ণে বিনিয়োগের মূল সমস্যা হলো আস্থার অভাব। ৬১ শতাংশ ব্যবসায়ী যারা এর আগে স্বর্ণ কেনেননি, ভবিষ্যতে কিনবেন বলে ভাবছেন তারা বলেন, স্বর্ণের প্রতি আস্থার অভাবই না কেনার কারণ। আরেকটি সমস্যা হলো বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতার অভাব।
প্রতিবেদনে বলা হয়, ৬৫ শতাংশ ব্যবসায়ী যারা স্বর্ণে বিনিয়োগ করতে চান, তাঁরা মনে করেন এই পণ্য সম্পর্কে তাদের জ্ঞান কম। যেমন তারা বুঝতে পারেন না কী কারণে স্বর্ণের দাম ওঠানামা করে এবং এটি কেনার প্রক্রিয়া খুব কঠিন মনে করেন।
জরিপে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়, ৫২ শতাংশ আগে থেকেই কোনো না কোনো ভাবে স্বর্ণ ব্যবসায় রয়েছেন। ৪৮ শতাংশ মাত্র ১২ মাস আগে এতে যুক্ত হয়েছেন।