স্বর্ণখনিবিরোধী রাজনীতিবিদের উড়োজাহাজে অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলমুড হনটং

সেদিন সুস্থ–সবল অবস্থায় উড়োজাহাজে উঠেছিলেন হেলমুড হনটং। ৫৮ বছর বয়সী হনটং ইন্দোনেশিয়ার প্রত্যন্ত সাংগিহে দ্বীপপুঞ্জের রাজনীতিবিদ। কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না তাঁর। শান্তভাবেই উড়োজাহাজে হেঁটে উঠেছিলেন। তবে ফ্লাইটে ওঠার ২০ মিনিট পর অসুস্থ হয়ে পড়েন তিনি।

মাকাসার শহরের সুলতান হাসানউদ্দিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগেই মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে হৃৎস্পন্দন বন্ধ হয়ে মারা যান তিনি। পুরো ঘটনা খুব সাধারণ মনে হলেও ততটা সরলভাবে দেখছেন না হনটংয়ের এলাকা সাংগিহে দ্বীপপুঞ্জের মানুষ। তাঁরা পাচ্ছেন এক গভীর ষড়যন্ত্রের আভাস। কিন্তু কেন?

সম্প্রতি ৪২ হাজার হেক্টর জমির স্বর্ণখনি খননের বিশাল এক প্রকল্প হাতে নেওয়া হয়েছে সাংগিহেতে। এ বছরের জানুয়ারিতে খনি সংস্থা পিটি তাম্বাং মাস সাংগিহে এ কাজ পায়। হেলমুড হনটং ছিলেন এই স্বর্ণখনি প্রকল্পের বড় সমালোচক।

হনটংসহ প্রকল্পবিরোধী ব্যক্তিদের বক্তব্য, এটি দ্বীপপুঞ্জের বন, পাখি ও পরিবেশকে হুমকির মুখে ফেলবে। এপ্রিলের ২৮ তারিখ পরিবেশসংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে প্রকল্পটি প্রত্যাহারের জন্য দায়িত্বশীল মন্ত্রণালয়ে চিঠিও লিখেছিলেন হনটং।

মানুষের পাশে দাঁড়ানোয় এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন হনটং। আর এমন সময়ে তাঁর মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক মনে করছে না তাঁর এলাকার মানুষ। মানবাধিকার সংস্থাগুলোও চাইছে ঘটনার সুষ্ঠু তদন্ত। যদিও প্রাথমিকভাবে পুলিশ হনটংয়ের মৃত্যুকে স্বাভাবিকই বলছে। তবে মানবাধিকার কমিশন কমনাস এইচএএম জানিয়েছে, সাংগিহের কৃষক ও জেলেদের অভিযোগের পর পুলিশকে এ মামলা তদন্ত করতে বলেছে তারা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই রাজনীতিবিদ মারা যাওয়ায় ঘটনাটি সহিংসতার মতোই লাগছে। এ মৃত্যু পরিবেশ ও ভূমি অধিকার–সম্পর্কিত বিষয়ে যাঁরা লড়াই করছেন, তাঁদের বিরুদ্ধে একধরনের হুমকি।

যা ঘটেছিল ঘটনার দিন

৯ জুন ইন্দোনেশিয়ার বালি থেকে ফ্লাইটে ওঠেন হেলমুড হনটং। উড়োজাহাজে ওঠার আগে সুস্থ ছিলেন তিনি। প্লেনে ওঠার ২০ মিনিট পর তাঁর শরীর খারাপ হতে শুরু করে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমনকি তাঁর নাক–মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।

গন্তব্যে পৌঁছানোর আগে উড়োজাহাজেই তাঁর মৃত্যু হয়। মানবাধিকার সংস্থাগুলো তদন্তের দাবি জানিয়েছে। ইতিমধ্যে ইন্দোনেশিয়ার পুলিশ ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে। খবর: বিবিসি অনলাইন