স্বাধীনতার পর থেকে এত সংকোচন দেখেনি ভারত
স্বাধীনতা পর দেশটির জিডিপির হিসাব শুরু হওয়ার পর এতখানি সংকোচন আর কখনো হয়নি। তবে তা কেন্দ্র সরকারের ৮ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম।
এত দিন আশঙ্কা ছিল, এবার তা সত্য প্রমাণিত হলো। সেটা হলো, গত অর্থবছরে (২০২০-২১) ভারতের জিডিপি সংকুচিত হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। স্বাধীনতার পর দেশটির জিডিপির হিসাব শুরু হওয়ার পর এতখানি সংকোচন আর কখনো হয়নি। অবশ্য এ সংকোচন কেন্দ্র সরকারের ৮ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম। শেষবার ভারতীয় অর্থনীতি ৫ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছিল ১৯৭৯-৮০ সালে।
গত বছর ভারতীয় অর্থনীতির মুখ রক্ষা করেছে কেবল কৃষি খাত। পরিসংখ্যান মন্ত্রণালয় জানিয়েছে, ওই সময়ে কারখানার উৎপাদন কমেছে ৭ দশমিক ২ শতাংশ। ৮ দশমিক ৬ শতাংশ সংকোচন দেখেছে নির্মাণ খাতও। তার ওপর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ অর্থবছরে অর্থনীতির ঘুরে দাঁড়ানো নিয়েও চিন্তা বাড়ছে। বিশেষত যখন রাজ্যে রাজ্যে জারি আছে কড়া বিধিনিষেধ।
লকডাউনে যেভাবে আর্থিক কর্মকাণ্ড স্তব্ধ হয়েছিল, তাতে জিডিপি যে কমবে, সেটা সন্দেহ ছিল না। বিশেষত ২০২০-২১ সালের এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে যথাক্রমে ২৪ দশমিক ৪ এবং ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি হ্রাসে সেই আশঙ্কা জোরদার হয়েছিল। পরে অক্টোবর-ডিসেম্বরে সামান্য প্রবৃদ্ধির (০.৫ %) দেখা মেলে। ভারতের কেন্দ্র সরকার জানিয়েছে, অর্থ বছরের শেষ তিন মাসে (জানুয়ারি-মার্চ) মহামারি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়া, কারখানার উৎপাদন, নির্মাণক্ষেত্র, বিক্রিবাট্টা আগের জায়গায় ফেরায় ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তার ফলেই পুরো অর্থবছরের সংকোচন হয় আশঙ্কার তুলনায় কম। তবে ওই তিন মাসেও প্রবৃদ্ধির মুখ দেখেনি ব্যবসা, হোটেল ও পরিবহন খাত।
তবে অর্থনীতিবিদেরা মনে করছেন, জানুয়ারি-মার্চে যে বাণিজ্যিক কর্মকাণ্ড চালু হয়েছিল, তা ধাক্কা খেয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। ফলে ২০২১-২২ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে আবারও জিডিপি সংকোচনের আশঙ্কা ঘনিয়ে উঠছে। তাঁদের মতে, হিসাবে হয়তো তা গত বছরের ২৪ দশমিক ৪ শতাংশের চেয়ে কম হবে বা খুব সামান্য বাড়তেও পারে।
কিন্তু তাকে অর্থনীতির ছন্দে ফেরা বলা যাবে না। কারণ, পুরো হিসাবই হবে সে সময়ে তলানিতে থাকা জিডিপির সঙ্গে তুলনা করে। উদাহরণ হিসেবে, গত সোমবার প্রকাশিত এপ্রিলে পরিকাঠামো শিল্প গত বছরের চেয়ে এবার ৫৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে—এমন পরিসংখ্যান তুলে ধরেছেন তাঁরা, যদিও মার্চের হিসেবে তা ১৫ শতাংশের বেশি কমেছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, এমনকি চলতি অর্থবছরে কেন্দ্র যে ১১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস করেছিল, তা এখন অনেক দূরের পথ। প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ থাকছেই। ভারতের প্রধান আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রমানিয়ামও মেনেছেন, কোভিডের দ্বিতীয় ধাক্কায় প্রবৃদ্ধির গতি ধাক্কা খেয়েছে। তবে তাঁর আশা, সেই ক্ষত প্রথমবারের মতো গভীর হবে না। যদিও দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে এখনই পূর্বাভাস করা সম্ভব নয় বলে মানছেন তিনি।
এ পরিস্থিতিতে আবার এক দফা প্রণোদনা ও সহায়তার দাবি উঠলেও অর্থ মন্ত্রণালয়ের ইঙ্গিত, এখনই আর্থিক সহায়তার কথা ভাবা হচ্ছে না। বরং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগের বাজেটে ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইছেন। মন্ত্রণালয়ের চিন্তার কারণ হলো রাজস্ব ঘাটতি। গতকাল সোমবার তারা জানিয়েছে, গত অর্থবছরে তা ৯ দশমিক ৩ শতাংশ ছুঁয়েছে। করোনার জেরে রাজস্ব আদায় কমে যাওয়া, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের ধাক্কা ও খরচ বৃদ্ধিই এর প্রধান কারণ।
এদিকে নরেন্দ্র মোদির ৫ লাখ কোটি ডলারের অর্থনীতির স্বপ্নের কথা মনে করিয়ে কংগ্রেস বলেছে, তার জন্য বছরে ১২ শতাংশ প্রবৃদ্ধি দরকার। কিন্তু বাস্তবে তা ৮ শতাংশের নিচে হয়েছে।