স্বাভাবিক হচ্ছে না গাড়ি উৎপাদন, দাম বাড়তি
এ মাসে গাড়ি ও কম্পিউটার চিপ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবে, এমন ধারণা অনেকেই করেছিলেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কম্পিউটার চিপের স্বল্পতা দেখা যাচ্ছে বাজারে। আবার অনেক গাড়ি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে গাড়ির বাড়তি দাম কমার সম্ভাবনা তো নেই–ই, বরং দাম আরও বাড়তে পারে।
কারখানা বন্ধের তালিকায় এবার যুক্ত হয়েছে জাপানি গাড়ি কোম্পানি টয়োটা। সরবরাহব্যবস্থায় কোভিডের প্রভাব পড়ায় আগামী সেপ্টেম্বর মাসে তারা জাপানে ১৪টি গাড়ি কারখানা বন্ধ করে দিচ্ছে। এতে তাদের গাড়ি উৎপাদন কমবে প্রায় ৪০ শতাংশ। বিশ্বের আরও কিছু জায়গায় কারখানা বন্ধ করে দিচ্ছে টয়োটা। এতে উত্তর আমেরিকার উৎপাদন ৪০ থেকে ৬০ শতাংশ কমে যেতে পারে।
এদিকে ভকসওয়াগন বৃহস্পতিবার জানিয়েছে, তারাও শিগগিরই গাড়ি উৎপাদন হ্রাস করতে পারে। তারা জানিয়েছে, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন জায়গায় কোভিড-১৯-এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে চিপ সরবরাহ অনেকটা কমে যাবে। ফলে উৎপাদনে আরও সমন্বয় আনা অর্থাৎ উৎপাদন হ্রাস করার সম্ভাবনা আছে।
এদের পাশাপাশি জেনারেল মোটরস, ফোর্ড ও ফিয়াট ক্রাইসলারও একই কথা বলেছে। এমনকি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও নিকোলাও যন্ত্রাংশস্বল্পতার কথা জানিয়েছে।
মূলত চিপস্বল্পতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে বছরের দ্বিতীয় ভাগে এই স্বল্পতা অনেকটা কেটে যাবে বলে গাড়ি কোম্পানিগুলো আশা করছে। তখন চাহিদার কাছাকাছি উৎপাদন করা যাবে, এমন আশাই ছিল এই খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের। কিন্তু ডেলটা ভেরিয়েন্টের দাপটের কারণে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেছে।
বিষয়টি হচ্ছে, ২০২০ সালের প্রথম দিকে সারা বিশ্ব লকডাউনে চলে গেলে প্রাথমিকভাবে গাড়ি উৎপাদন হ্রাস পায়। তখন গাড়ি কোম্পানিগুলো যন্ত্রাংশ কেনা কমিয়ে দেয়। তাদের ধারণা ছিল, গভীর মন্দার কারণে গাড়ির চাহিদা অনেকটাই কমে যাবে। কিন্তু হঠাৎ করেই গাড়ির চাহিদা বেড়ে গেলে কোম্পানিগুলো বিপাকে পড়ে। কারণ ইতিমধ্যে সরবরাহকারীরা কম্পিউটার, ভিডিও গেম ও অন্যান্য ইলেকট্রনিক কোম্পানিগুলোর সঙ্গে যন্ত্রাংশ সরবরাহে চুক্তি করে। ফলে লকডাউনের মধ্যে এসবের চাহিদা বেড়ে গিয়েছিল।
এই পরিস্থিতিতে নতুন ও পুরোনো গাড়ির দাম আরও কিছুদিন বেশি থাকবে।