বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়ায় মধু রপ্তানি হবে। এ জন্য দেশটির মডেক্স কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে।
রাজধানীর মতিঝিলের বিসিক চত্বরে পাঁচ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন অনুষ্ঠানে গতকাল রোববার এ তথ্য জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান আহমদ হোসেন খান। তিনি বলেন, বিশ্বব্যাপী মধু বাজারজাত করতে মডেক্সের খ্যাতি আছে। এ চুক্তির ফলে দেশের মধু বিশ্ববাজারে প্রবেশের দ্বার উন্মোচিত হবে।
এ মেলায় বিভিন্ন এলাকার মৌ-চাষিদের উৎপাদিত মধু বিক্রি ও প্রদর্শনের ২০টি স্টল থাকছে। বিসিকের বাস্তবায়নাধীন আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌ-চাষ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ মধুমেলা আয়োজন করা হয়েছে। বিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মৌচাষী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী বলেন, ‘বাংলাদেশ থেকে বছরে এক থেকে দেড় লাখ টন মধু রপ্তানি সম্ভব। এ জন্য বিসিককে কার্যকর ভূমিকা নিতে হবে। প্রয়োজনে ভারতের মতো বাংলাদেশেও মধু বোর্ড গঠন করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিকের পরিচালক নুরুল ইসলাম ও রমা রানী রায়, মৌচাষ প্রকল্পের প্রকল্প পরিচালক খোন্দকার আমিনুজ্জামান। সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক পতিত পাবন বৈদ্য।
মেলা ১৪ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।