হংকংয়ে আগামী এপ্রিলে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের ২১টি প্রতিষ্ঠান অংশ নেবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহায়তায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (এইচকেটিডিসি) হাউসওয়্যার ফেয়ার নামের এ মেলায় তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। ঢাকায় গতকাল বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এইচকেটিডিসির প্রদর্শনী বাজার উন্নয়নের পরিচালক জনি উয়ান এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি আদর্শ ব্যবসায়িক প্ল্যাটফর্ম হতে পারে এইচকেটিডিসি আন্তর্জাতিক মেলা। এতে যুক্ত হয়ে বাংলাদেশের বিশেষ করে এসএমই প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়ের প্রসার ঘটাতে পারে। জনি উয়ান বলেন, বাংলাদেশে যাঁরা হাউসওয়্যার, হোম টেক্সটাইল, তৈরি পোশাক, খাদ্য, চায়ের পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পণ্যের ব্যবসা করছেন তাঁদের জন্য দারুণ সুযোগ তৈরি করবে এইচকেটিডিসি আন্তর্জাতিক মেলা। উভয় দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর করতে ২০১৬ সালের শুরুতে এইচকেটিডিসি ও বাংলাদেশের ইপিবি একটি চুক্তি সই করেছে বলে জানান তিনি। জনি উয়ান আরও জানান, এইচকেটিডিসির আয়োজনে হংকংয়ে বছরজুড়ে ৩০টির বেশি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে এশিয়ার সেরা জুয়েলারি, গিফট, ওয়াচ ও ক্লকের ১১টি এক্সিবিশন হয়। এইচকেটিডিসি প্রদর্শনীতে সারা বিশ্বের মোট ৩৬ হাজার এক্সিবিটর বা পণ্য প্রদর্শনকারী ও ৭ লাখের বেশি ক্রেতার সমাগম ঘটে। বিজ্ঞপ্তি।