হার্ভার্ডে দানের রেকর্ড গড়ল হংকংয়ের চ্যান পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ
হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ

বিশ্বখ্যাত উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি তার সুদীর্ঘ ৩৭৮ বছরের সুসমৃদ্ধ ইতিহাসে বৃহত্তম দানের প্রতিশ্রুতি পেয়েছে। হংকংয়ের একটি ধনাঢ্য পরিবার হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথকে ৩৫ কোটি মার্কিন ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছে; যা বাংলাদেশের প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকার সমান।
হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ আগামী ২০১৮ সাল নাগাদ ৪৫ কোটি ডলার সংগ্রহের যে অভিযানে নেমেছে, তার ৭৫ শতাংশই পূরণ হতে যাচ্ছে হংকংয়ের চ্যান পরিবারের দানে।
হংকংয়ে রিয়েল এস্টেট বা জমি ও ফ্ল্যাট বিক্রির ব্যবসায় জড়িত এই পরিবারের দানকে স্কুল অব পাবলিক হেলথের ডিন জুলিও ফ্রেঙ্ক তাঁদের গবেষণা কর্মসূচি ও শিক্ষার্থী-সহায়তায় ট্রান্সফরমেটিভ ডোনেশন বা যুগান্তকারী দান বলে অভিহিত করেছেন। চ্যান পরিবারের দান দিয়ে বিশ্বস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন চারটি বিষয়ে কাজ করা হবে। হুমকিগুলো হচ্ছে—বিশ্বব্যাপী সংক্রমণজনিত মহামারি, স্বাস্থ্যহানিকর রোগ, সামাজিক পরিবেশ ও মানবিক সংকট এবং স্বাস্থ্য খাতের ব্যর্থতা।
চ্যান পরিবার দ্য মর্নিংসাইড ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ দেবে। পাবলিক হেলথ স্কুল শিক্ষার্থী, ধারণা ও অবকাঠামো খাতে বিনিয়োগ করার কারণেই মূলত বড় দানের প্রতিশ্রুতি দিল হংকংয়ের ধনী পরিবারটি।
এই পরিবারের সদস্য জেরাল্ড চ্যানও অবশ্য হার্ভার্ডের স্কুল অব পাবলিক হেলথের প্রক্তন ছাত্র। তিনি ১৯৭০-এর দশকে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
চ্যান বর্তমান সময়ের বড় ঘাতক ব্যাধি ইবোলার উল্লেখ করে ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘আপনি যদি বিশ্বের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে জনস্বাস্থ্য খাতে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সহায়তার প্রয়োজন।’
জেরাল্ড জানান, তাঁর প্রয়াত বাবা টি এইচ চ্যানের স্মরণেই বিশ্ববিখ্যাত এই শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁরা অর্থ দান করছেন। বদৌলতে প্রতিষ্ঠানটির নাম বদলে যাবে। এটির নতুন নাম হবে ‘টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ’।
প্রয়াত চ্যান ছিলেন একজন ‘সেলফ মেইড ম্যান’ বা স্বীয় প্রচেষ্টায় ধনী হওয়া একজন মানুষ। তাঁর প্রতিষ্ঠিত হ্যাং লাং প্রপার্টিজ বর্তমানে হংকংয়ের বৃহত্তম রিয়েল এস্টেট বা জমি ও আবাসন ব্যবসায়ের কোম্পানি। তিনি ১৯৬০ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন।
ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা হংকংয়ের সেরা ধনীদের তালিকায় জেরাল্ড ও তাঁর সহোদর রনি চ্যান যৌথভাবে ১৭তম স্থানে আছেন। তাঁদের মালিকানাধীন সম্পদের নিট মূল্য ৩০০ কোটি ডলার।
জেরাল্ডের মতো রনিও পড়ালেখা করেন যুক্তরাষ্ট্রে। তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে এমন ৪০টিরও বেশি কোম্পানিতে তাঁদের বিনিয়োগ রয়েছে।
বিশ্বস্বাস্থ্য খাতে হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের বিভিন্ন অবদানের মধ্যে পোলিও টিকা আবিষ্কার ও জলবসন্ত নির্মূল উল্লেখযোগ্য।
জুলিও ফ্রেঙ্ক বলেন, ‘আমরা এখন নতুনভাবে উদ্ভাবিত ধারণা কাজে লাগানো ও নতুন আবিষ্কারের জন্য পর্যাপ্ত বিনিয়োগ করতে পারব; যা ভবিষ্যৎ বিশ্বের জনস্বাস্থ্যের জন্য কল্যাণ বয়ে আনবে।’
ফ্রেঙ্ক বলেন, চ্যান পরিবারের দানের ফলে ঋণ মওকুফের নতুন কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। এতে যুক্তরাষ্ট্রের কম সুবিধাপ্রাপ্ত ও অন্যান্য দেশ থেকে আসা দরিদ্র শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
এর আগেও পরিবারটি হংকং ও চীনে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানসংক্রান্ত কার্যক্রমে প্রচুর পরিমাণ অর্থ দান করেছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস