১ কোটি গাড়ি তুলে নেবে ভক্সওয়াগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের জানুয়ারি থেকে ত্রুটিপূর্ণ সব মোটরগাড়ি ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রায় পরিবেশ দূষণের অভিযোগ ওঠায় সারা বিশ্ব থেকে ১ কোটি ১০ লাখ গাড়ি ফেরত নেবে ভক্সওয়াগন। জার্মান একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যাথিয়াস মুয়েলার এ তথ্য জানিয়েছেন।
সারা বিশ্ব থেকে ফেরত নেওয়া ত্রুটিপূর্ণ গাড়ির ত্রুটি সারানোসহ বিভিন্ন দেশকে ক্ষতিপূরণ দিতে ভক্সওয়াগনের খরচ হবে ৬৫০ কোটি ইউরো। তবে বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত এ খরচ আরও বাড়তে পারে।
ত্রুটিপূর্ণ এসব গাড়ির বড় অংশই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের।
ভক্সওয়াগন সিইও ম্যাথিয়াস মুয়েলার বলেন, ভক্সওয়াগনের সুনাম অক্ষুণ্ন রাখতে যা যা করা সম্ভব তার সবই করা হবে। ভক্সওয়াগনের অন্তর্ভুক্ত অডি, স্কোডা, সিটসহ অন্যান্য ব্র্যান্ডের ত্রুটিপূর্ণ গাড়িও ফেরত নেওয়া হবে। এসব গাড়ির ত্রুটি সারাতে ২০১৬ সালের পুরো বছর লেগে যাবে। সূত্র: বিবিসি।