১০ দিনে তেলের দাম ৩০ শতাংশ কমেছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল ম্যানিলা সিটিতে বিক্ষোভএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে চূড়ান্ত আক্রমণ শুরু করেছে রুশ সামরিক বাহিনী। তবে যুদ্ধের এই ডামাডোলের মধ্যে মানুষের জন্য সুখবর হলো, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারায় ছেদ পড়া। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ১৩৯ ডলারে উঠে গিয়েছিল। গতকাল মঙ্গলবার রাত আটটায় এই প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৭৪ ডলার।

১ মার্চের পর এই প্রথম জ্বালানি তেলের দাম ১০০ ডলারের নিচে নামল।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জ্বালানি তেলের দাম তরতর করে বাড়তে থাকে। ৬ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ প্রতি ব্যারেল ১৩৯ ডলারে উঠে যায়। অর্থাৎ সর্বোচ্চ জায়গায় পৌঁছার পর জ্বালানির দাম প্রায় ৩০ শতাংশ কমেছে।

মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মজুত থেকে বিশ্ববাজারে তেল ছাড়ার কারণে দাম অনেকটা কমেছে বলে জানা গেছে। এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেলের সরবরাহ বৃদ্ধি করতে পারে, এমন আশাবাদও আছে বাজারে।

অন্যদিকে আরেকটি ঘটনা হঠাৎ করেই শাপেবর হয়েছে। সেটা হলো চীনের বেশ কিছু অঞ্চলে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। এতে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক এই দেশটির তেলের চাহিদা হঠাৎ করেই কমে গেছে।

অর্থনীতির নিয়মানুযায়ী, বাজারে চাহিদা-জোগানের ভিত্তিতে পণ্যের দাম নির্ধারিত হয়। সে জন্য যুদ্ধের এই বাস্তবতায় বাজারে জ্বালানি তেলের দাম কী হবে, তা নির্ভর করবে মূলত বাজারে জোগানের ওপর। সবাই এখন অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যস্ত। ফলে জ্বালানির চাহিদা আছে। এখন জোগান নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বড় দেশগুলোর বাজারে তেল ছাড়ার যে কৌশল নিয়েছে, তা সফল হলে দাম হয়তো খুব বেশি বাড়বে না, বিশ্লেষকেরা এমনটাই মনে করছেন।

তবে বিশ্ব সম্প্রদায় এখনই বিপদ থেকে মুক্ত হয়ে গেছে, এমনটা মনে করছেন না বিশ্লেষকেরা। এখনো উৎপাদন মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে তেল বিক্রি হচ্ছে। আর যে ধরনের অনিশ্চয়তা বাজারে বিরাজ করছে, তাতে যেকোনো সময় হুট করে তেলের দাম বেড়ে যেতে পারে।

রিস্টার্ড এনার্জির তেল বাজার বিভাগের প্রধান জোনার টৌনহোগেন সিএনএনকে বলেন, ‘তেলের দাম যে ব্যারেলপ্রতি ২০০ ডলারে উঠে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল, তা এখনই উড়িয়ে দেওয়া যাবে না।’

তেলের দাম কমতে শুরু করায় গ্যাসোলিনের দামও কমতে শুরু করেছে।

এদিকে গত শুক্রবার আইএমএফের কর্ণধার ক্রিস্টালিনা জর্জিয়েভার তেলের মূল্যবৃদ্ধি নিয়ে উন্নয়নশীল দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, তেলের চড়া দাম মূল্যস্ফীতির হার বাড়িয়ে দেবে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমবে।