১০টির বেশি বাতিল নোট থাকলেই আইনি ব্যবস্থা
আসছে বছরের ৩১ মার্চের পর বাতিল হয়ে যাওয়া ৫০০ বা ১০০০ রুপির ১০টির বেশি নোট সঙ্গে রাখলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। এ বিষয়ে এক নির্দেশনা জারি করেছে ভারত সরকার। আজ বুধবার নতুন এ নির্দেশনা জারি করা হয়।
৩০ ডিসেম্বর বাতিল ৫০০ ও ১০০০ রুপির নোট ব্যাংকে জমা দেওয়ার শেষ দিন। এরপর কেবল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াতে (আরবিআই) বাতিল নোট জমা দেওয়া যাবে। তবে নতুন সরকারি নির্দেশনা অনুযায়ী ৩১ মার্চের পর একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি নোট রাখতে পারবেন। এর বেশি নোট কাছে রাখলে বা জমা দিতে চাইলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
তবে একদমই ব্যতিক্রম পরিস্থিতি না হলে এই নোট সঙ্গে রাখার কোনো অনুমতি নেই। এ অপরাধে সর্বোচ্চ চার বছরের কারাবাস হতে পারে। আজ এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত নভেম্বর এক সরকারি ঘোষণায় ভারতে বাতিল করা হয় ৫০০ ও ১০০০ রুপির নোট। বলা হয়, ৩০ ডিসেম্বরের মধ্যে এই মানের নোট জমা দিয়ে সমপরিমাণ ছোট নোট সংগ্রহ করতে। চালু করা হয় ২০০০ রুপি মানের নোট। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যমতে, এখন পর্যন্ত ৮৬ শতাংশ বাতিল নোট জমা হয়েছে, যার পরিমাণ প্রায় ১৩ লাখ কোটি রুপি।
সরকারের পক্ষ থেকে বলা হয়, ব্যাংকে বাতিল নোটে অপ্রদর্শিত অর্থ জমা দিলে ৫০ শতাংশ কর বা জরিমানা হিসেবে কেটে নেওয়া হবে। তবে কেউ যদি আয়করদাতাদের হাতে ধরা পড়ে, তাহলে অপ্রদর্শিত অর্থের ৯০ শতাংশই জরিমানা হিসেবে দিতে হবে। একপর্যায়ে সরকারের পক্ষ থেকে আরও নির্দেশনা দেওয়া হয়, নিরাপত্তাবিষয়ক কর্মকর্তার উপস্থিতি ব্যতীত ব্যাংকে বা পোস্ট অফিসে বাতিল নোট জমা দেওয়া যাবে না। এরপর অনেকে তাঁদের অপ্রদর্শিত অর্থ মন্দিরে অনুদান দিয়েছেন। কেউ কেউ পুড়িয়ে ফেলেছেন আবার কেউ কেউ নদীতে ফেলে দিয়েছেন।