পণ্য পরিবহনে ভারতে সাধারণত অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সমুদ্র, বড় বড় নদী ও সড়কপথই ব্যবহার করা হয়। কেন্দ্রীয় সরকার এবার আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে দেশব্যাপী আনাচে-কানাচে থাকা নদীগুলোর মধ্যে ১০১টিকে জলপথ হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে চীনা মডেল। কারণ, ওই দেশে এখনো ৪৪ শতাংশ পণ্য পরিবহন হয় নৌপথে। আর ভারতে এই হার মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি গত সোমবার জানান, নতুন নৌপথ তৈরির ব্যাপারে তাঁর মন্ত্রণালয় কেন্দ্রীয় মন্ত্রিসভাকে চিঠি দিয়েছে এবং লোকসভার আসন্ন অধিবেশনে এ বিষয়ে একটি বিলও পেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকারের উদ্দেশ্য হলো সস্তায় পণ্য পরিবহনের ব্যবস্থা করা। ভারতে বর্তমানে মাত্র পাঁচটি নদীকে নৌপথ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই নৌপথের দৈর্ঘ্য হলো সাড়ে ১৪ হাজার কিলোমিটার। কলকাতা প্রতিনিধি