চলমান ইউক্রেন সংকট, জ্বালানি তেলের অব্যাহত দরপতন ও বিভিন্ন বিষয়ে পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞায় এমনিতেই কঠিন সময় পার করছে রাশিয়ার অর্থনীতি। এরই মধ্যে গত সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দাম কমেছে ৮ শতাংশ, যা গত ১১ বছরে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন।
রুবলের এই অব্যাহত দরপতনে দেশটির অর্থনীতি আরও সংকটে পড়বে বলে গত শনিবার উদ্বেগ প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব রাশিয়া’।
এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত মধ্য জুনের পর থেকে নভেম্বরের চলতি সময় পর্যন্ত জ্বালানি তেলের দাম কমেছে ২৫ শতাংশের বেশি, যা রুবলের দরপতনে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে দেশটির বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের পশ্চিমা পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যাওয়া আরেকটি কারণ।
রাশিয়ার সাধারণ জনগণের কাছে এই দরপতন ১৯৯৮ ও ২০০৮ সালের মহামন্দার সময়ের মতো দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রুবলের এই দরপতন অব্যাহত থাকলে তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তায় ধস নামাতে পারে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত কয়েক দিনে ডলারের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় রুবলের এই দরপতন হয়েছে। এটি ঠেকাতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়াসহ অন্যান্য উপায় ব্যবহারের চিন্তাও করছে কেন্দ্রীয় ব্যাংক।
রাশিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান বিসিএস প্রাইম বলছে, ইউক্রেন সংকট বাড়ায় নতুন করে আরও আর্থিক নিষেধাজ্ঞা আসতে পারে। অন্যদিকে জ্বালানি তেলের দাম আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ব্যাংক অব রাশিয়া বলছে, বর্তমান সংকটময় পরিস্থিতি সামলাতে তারা দৈনিক ভিত্তিতে ৩৫ কোটি ডলারের বেশি খরচ করতে পারবে না। এ ক্ষেত্রে বাজার পরিস্থিতি মূল নিয়ামক ভূমিকা রাখবে। তবে তারা এটিও জানিয়েছে, পরিস্থিতি এর চেয়ে খারাপ হলে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতিও তাদের রয়েছে।
রুবলের এই দরপতন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রাশিয়ার করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিদেশি দেনার পরিমাণ বর্তমানে ৪২ হাজার ২০০ কোটি ডলার। বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশি ঋণের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস