১২ বছরে ইউরোর সর্বোচ্চ দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ডলারের বিপরীতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ১৯টি দেশের একক মুদ্রা ইউরো। এক ইউরোর বিপরীতে মার্কিন ডলারের বিনিময়মূল্য এখন ১ দশমিক শূন্য ৬ ডলার, যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন।
ইউরোপজুড়ে চলমান অর্থনৈতিক মন্দা কাটাতে ওই অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ১ লাখ ২০ হাজার কোটি ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণার পর ইউরো এমন অবস্থায় পড়ল। ‘কোয়ান্টিটেটিভ ইজিং’ নামের এ প্যাকেজের আওতায় ইউরো অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকটি ছয় হাজার কোটি ডলারের সরকারি-বেসরকারি বন্ড কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। বাজারে ইউরোর সরবরাহ বাড়িয়ে অর্থনীতি চাঙা করে তোলাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
ইসিবির ঘোষণায় ইউরোপের মুদ্রা ব্যবসায়ীরা বেশি করে ডলার কেনায় ইউরো দরপতনের মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৪ সালের ১ জুলাই থেকে এ পর্যন্ত আট মাসে ডলারের বিপরীতে ইউরোর মান কমেছে ২২ দশমিক ৪ শতাংশ। গত জুলাইয়ে এক ইউরোর বিনিময়মূল্য ছিল ১ দশমিক ৩৭ ডলার।
এদিকে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়ে যাওয়ার সংবাদেও ডলারের বিনিময়মূল্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। নেদারল্যান্ডসভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান রাবোব্যাংকের জ্যেষ্ঠ মুদ্রা বিশেষজ্ঞ জেন ফোলি বিবিসিকে বলেন, ইউরোর দরপতন আসছে জুনে যুক্তরাষ্ট্রে ঋণের সুদ হার বাড়িয়ে দিতে পারে। এর ফলে বিশ্বের অন্যান্য মুদ্রার তুলনায় ডলার আরও শক্তিশালী হয়ে উঠবে। ইউরোর অব্যাহত দরপতনে বেশি সমস্যায় পড়েছে গ্রিস। দেশটিতে ইউরোর মান অনেকটা ডলারের সমপর্যায়ে চলে গেছে।
ইউরোর দরপতন ব্যবসা-বাণিজ্যে গতি সঞ্চারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তবে দরপতনের বিরূপ প্রভাব ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কীভাবে মোকাবিলা করবে, সেটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকেরা মনে করেন। সূত্র: বিবিসি