১৫ বছর পর পেছালেন বাফেট, এগোলেন বেজোস ও জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্বে ধনসম্পদের দিক থেকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল উইলিয়াম গেটসই একচ্ছত্র অধিপতি। টানা ২৩ বারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর আসনটি পেয়ে তিনি আবারও প্রমাণ করলেন, এটি পাকাপোক্তভাবেই তাঁর। এবার তিনি ৮ হাজার ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের ধনসম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশের সেরা ধনী হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস‍-এর তালিকায় বিল গেটসের এই শ্রেষ্ঠত্বের কথা আরও একবার প্রকাশিত হলো। ‘ফোর্বস ফোর হান্ড্রেড, দ্য ওয়েলদিয়েস্ট ইন আমেরিকা’ নামের এ তালিকায় সেই দেশের সেরা ৪০০ ধনীর নাম স্থান পায়।

এ তালিকার দ্বিতীয় স্থান নিয়ে টানা ১৫ বছর ধরে ওয়ারেন বাফেটের যে আধিপত্য ছিল, সেটি এবার ভেঙে দিয়েছেন ই-কমার্স বা অনলাইনভিত্তিক কেনাবেচার প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ৬ হাজার ৭০০ কোটি ডলারের ধনসম্পদ নিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শীর্ষ ধনী।

বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট নেমে গেছেন তৃতীয় স্থানে। তাঁর সম্পদের বর্তমান মূল্যমান ৬ হাজার ৫০০ কোটি ডলার।

জেফ বেজোসের মতো এগিয়ে এসেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও। তিনি ৫ হাজার ৫৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন।

ফোর্বস-এর তালিকায় স্থান পাওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ৪০০ ধনীর সম্মিলিত ধনসম্পদের মোট মূল্য ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার (১ ট্রিলিয়নে ১ লাখ কোটি)। তাঁদের প্রত্যেকের ধনসম্পদের গড় মূল্য ৬০০ কোটি ডলার। তালিকায় অবশ্য সবচেয়ে বেশি স্থান পেয়েছে তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের নাম।

তালিকাটির পঞ্চম স্থানে আছেন বহুজাতিক সফটওয়্যার কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন। তাঁর সম্পদের পরিমাণ ৪ হাজার ৯৩০ কোটি ডলার।

এ ছাড়া ফোর্বসের এ তালিকায় ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন ব্লুমবার্গ সাময়িকীর প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ (৪,৫০০ কোটি ডলার), তেল ও গ্যাস ব্যবসায়ী চার্লস কোচ ও ডেভিড কোচ (প্রত্যেকেই ৪,২০০ কোটি ডলার করে), গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ (৩,৮৫০ কোটি ডলার) এবং গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন (৩,৭৫০ কোটি ডলার)।

ফোর্বস-এর তালিকা অনুযায়ী ৪০০ ধনীর মধ্যে ১০ শতাংশের বেশি হলেন অভিবাসী। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা ইমিগ্র্যান্ট বা অভিবাসী এমন ৪০ জনের বেশি ব্যবসায়ী আছেন তালিকায়। এর মধ্যে ১৪ জনেরই সম্পদের মূল্য এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ব্যবসায়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি। ট্রাম্পের সম্পদের মূল্য গত বছরের চেয়ে ৮০ কোটি ডলার কমে ৩৭০ কোটি ডলারে নেমে এসেছে।

খাতওয়ারি বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ৫৯ হাজার ১০০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীরা। আর্থিক ও বিনিয়োগ খাতের উদ্যোক্তারা ৪৯ হাজার ১০০ কোটি ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। এ ছাড়া অন্য খাতগুলোর ধনীদের মোট সম্পদমূল্য এ রকম—রিটেইল ও ফ্যাশন ২৫ হাজার ৮০ কোটি ডলার, মিডিয়া ও বিনোদন ২০ হাজার ২০০ কোটি ডলার, খাদ্য ও পানীয় ১৮ হাজার কোটি ডলার, রিয়েল এস্টেট ১২ হাজার ৯০০ কোটি ডলার, ডাইভারসিফায়েড বা বৈচিত্র্যমুখী ১০ হাজার ৯০০ কোটি ডলার, জ্বালানি ১০ হাজার ৫০০ কোটি ডলার এবং অন্যান্য ৩৩ হাজার ৩০০ হাজার কোটি ডলার।

সূত্র: ফোর্বস