১৬০০ কোটি ডলার জরিমানার খড়্গে ব্যাংক অব আমেরিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক অব আমেরিকা
ব্যাংক অব আমেরিকা

বন্ধকি ঋণ নিয়ে অনিয়মের কারণে ব্যাংক অব আমেরিকাকে এক হাজার ৬০০ কোটি ডলারের বেশি অর্থ শোধ করতে নির্দেশ দিয়েছে দেশটির বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস। বন্ধকি ঋণযুক্ত শেয়ার বিক্রিতে অনিয়মের কারণেই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানটিকে এই জরিমানা দিতে হচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ জন্য একটি চুক্তি করতে যাচ্ছে ব্যাংক অব আমেরিকা ও ডিপার্টমেন্ট অব জাস্টিস।
চুক্তির শর্ত অনুযায়ী, জরিমানার মোট অর্থের ৯০০ কোটি ডলারই নগদ অর্থ হিসেবে দিতে হবে ব্যাংক অব আমেরিকাকে। বাকি ৭০০ কোটি ডলার জরিমানার অর্থ ব্যয় করা হবে বাড়ির ঋণ এবং বন্ধকি ঋণের পুনঃ অর্থায়নের কাজে। জরিমানার এই পুরো অর্থ বাংলাদেশের বার্ষিক জাতীয় বাজেটের প্রায় অর্ধেকের সমান।
চুক্তিটি সম্পাদিত হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি একক প্রতিষ্ঠানের কাছে আদায়কৃত সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। গত বছরের নভেম্বরে জেপি মরগ্যানের কাছ থেকে আদায় করা এক হাজার ৩০০ কোটি ডলারই এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের জরিমানা।
সরকারি তদন্তে অনিয়ম ধরা পড়ায় চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছ থেকে যুক্তরাষ্ট্র সরকার জরিমানা আদায় করেছে পাঁচ হাজার কোটি ডলারের মতো। এই অর্থ গত বছরের মোট আদায় করা জরিমানাকে ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। আর্থিক খাতের অপরাধ-অনিয়মের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের কড়াকড়ির বিষয়টি এর মাধ্যমে প্রতিফলিত হয়, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রায় অনুপস্থিত।
এই চুক্তি অনুযায়ী সরকারি আইনজীবী ও ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে। তবে জরিমানার কী পরিমাণ অর্থ সাধারণ গ্রাহকদের দেওয়া হবে, সে ব্যাপারে কেউই মুখ খুলছেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তির কার্যক্রম শুরু হয় গত বুধবার একটি ফোনালাপের মাধ্যমে। যেখানে কথা বলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এবং ব্যাংক অব আমেরিকার প্রধান নির্বাহী ব্রায়ান মইনিহ্যান। এতে ব্যাংকটি ৭০০ কোটি ডলার নগদ অর্থ দিতে চাইলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দাবি করে ৯০০ কোটি ডলার। শেষ পর্যন্ত ৯০০ কোটি ডলারই নগদ জরিমানা হিসেবে দিতে রাজি হয় ব্যাংক অব আমেরিকা।
ইতিমধ্যে ব্যাংক অব আমেরিকা ৯৫০ কোটি ডলারের জরিমানা প্রদান করেছে ফেডারেল হাউজিং ফাইন্যান্স অথরিটিকে (এফএইচএফএ)। গত সপ্তাহে একটি মার্কিন আদালত তাদের আরও ১৩০ কোটি জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে।
বিচার বিভাগের সঙ্গে হতে যাওয়া চুক্তির জন্য ব্যাংক অব আমেরিকা একটি মামলা তহবিল (লিটিগেশন রিজার্ভ) তৈরি করেছে। এফএইচএফএর জরিমানার অর্থ প্রদানের কারণে ব্যাংকটি এ বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ক্ষতি দেখিয়েছে, যা গত তিন বছরের মধ্যে প্রথম।
আর্থিক মন্দার পর ব্যাংক অব আমেরিকা এই প্রথমবারের মতো তাদের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করার যে প্রস্তাব করেছে, তা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অনুমোদন পেয়েছে। এর আগে একই রকমের একটি প্রস্তাব বাতিল করে দেয় ফেডারেল রিজার্ভ।
ব্যাংক অব আমেরিকা বিনিয়োগকারীদের প্রান্তিক লভ্যাংশ এক সেন্ট থেকে বাড়িয়ে পাঁচ সেন্ট করেছে। তবে ৪০০ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয়ের (বাইব্যাক) পরিকল্পনাটি স্থগিত করা হয়েছে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস